প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:২৫ পিএম
(ভিজিট : ১০)
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, স্থানীয় খামারি শামসুল ও হাবিবুল্লাহসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, বেকারত্ব দূরীকরণ এবং উন্নয়নমুখী সমাজ গঠনে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের দৈনন্দিন প্রাণিজ আমিষের চাহিদার একটি বড় অংশ পূরণ করে এ খাত। তাই প্রাণিসম্পদের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।