প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৫:১৩ পিএম
(ভিজিট : ১৩)
ছবি: সংগৃহীত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
শোভাযাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, দলটির স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম ও ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের কাছে গিয়ে ডান দিকে মোড় নেওয়ার কথা রয়েছে। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে এটি শেষ হওয়ার কথা।
এর আগে শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলের কেন্দ্রীয় নেতারা।
১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে বড় পরিবর্তন ঘটে। দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে বিএনপি। দিবসটি উপলক্ষে সরকার ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। একই বছরের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। এর ধারাবাহিকতায় ৩ নভেম্বর সেনাবাহিনীর তৎকালীন উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে অভ্যুত্থান ঘটে। ওই অভ্যুত্থানে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ঢাকা সেনানিবাসে বন্দি করা হয়।
পরবর্তী সময়ে ৬ নভেম্বর সেনাবাহিনীর সাধারণ সদস্যদের মধ্যে পাল্টা অভ্যুত্থানের সূচনা হয়। ৭ নভেম্বর ভোরে সিপাহি ও সাধারণ মানুষের অংশগ্রহণে পরিস্থিতির পরিবর্তন ঘটে এবং বন্দিদশা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। ওই দিন পাল্টা অভ্যুত্থানের সময় খালেদ মোশাররফ ও তাঁর কয়েকজন সহযোগী নিহত হন।
৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। তবে এ দিনের ঘটনা ও এর রাজনৈতিক তাৎপর্য নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের মধ্যে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন | উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত। ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]