প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ পিএম
(ভিজিট : ১২)
শিশু ও নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ এবং বিভিন্ন ক্ষতিকর সামাজিক চর্চা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে কুমিল্লায় পিভিএইচপি প্রকল্পের জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন। সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক ড. জাকিয়া বেগম।
কর্মশালায় পিভিএইচপি প্রকল্পের কুমিল্লা জেলার চাইল্ড রাইটস অফিসার মাহবুবুর রহমানসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং তাঁদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ নির্মূল, শিশু অধিকার সুরক্ষা, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং শিশু সুরক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা শিশু ও নারীর প্রতি সহিংসতা এবং সব ধরনের ক্ষতিকর সামাজিক চর্চা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
কর্মশালায় অংশগ্রহণকারীরা শিশু ও নারীর অধিকার সুরক্ষা এবং সহিংসতামুক্ত সমাজ গঠনে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।