শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ২:২৫ এএম  (ভিজিট : ০)
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন রিমান মাহফুজ। 

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

সভাপতি পদে আবদুর রহমানের নির্বাচিত হওয়া এবারের ভোটের অন্যতম আলোচিত ফল। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান দর্পণ পেয়েছেন ১৮৯ ভোট এবং কাজী ফারুক বাবুল পেয়েছেন ৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আহমেদ তৌফিক (আতাউল) পেয়েছেন ১৫৪ ভোট এবং অনজন রহমান পেয়েছেন ৩৬ ভোট। ফলে সভাপতি ও সাধারণ সম্পাদক—দুই গুরুত্বপূর্ণ পদেই ২৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন আবদুর রহমান ও রাহাত সাইফুল।
নির্বাচন উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় শুরু হয় সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা। পরে ভোটগ্রহণ শুরু হয় দুপুর ১২টায়। জুমার নামাজের বিরতির পর বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট নেওয়া হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫২৫ জন। জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এরফানুল হক নাহিদ।

ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাহাত সাইফুল সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘প্রাণের সংগঠন বাচসাসের সম্মানিত সদস্যদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা। আপনাদের ভালোবাসা, আস্থা ও দোয়া নিয়েই আগামীর পথ চলতে চাই। বাচসাসের সঙ্গে ছিলাম, আছি এবং আগামীতেও আপনাদের পাশে থেকে সংগঠনের কল্যাণে কাজ করে যেতে চাই।’ সংগঠনকে আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা ও সমর্থনও কামনা করেন তিনি।

নির্বাচনে সহসভাপতি পদে রিমন মাহফুজ ও হামিদ মোহাম্মদ জসিম নির্বাচিত হয়েছেন। সহসাধারণ সম্পাদক পদে আবু হুরায়রা মুরাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অর্থ সম্পাদক পদে সৈয়দা ফারজানা জামান রুম্পা, সাংগঠনিক সম্পাদক পদে রুহুল আমিন ভূঁইয়া, আন্তর্জাতিক ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে আনিসুল হক রাশেদ নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক পদে ইসরাত জাহান স্বর্ণা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে পান্থ আফজাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তৌফিক অপু এবং দপ্তর সম্পাদক পদে মহিব আল হাসান নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শফিকুল আলম মিলন, সুকন্যা আমির, রুহুল সাখাওয়াত, রাজু আলীম, অরণ্য শোয়েব, সালাম মাহমুদ, শাকিল হোসেন, হাফিজ রহমান ও সালাম ফারুক। প্রকাশিত ফলাফল অনুযায়ী, নির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ২৬৮ ভোট পেয়েছেন শফিকুল আলম মিলন। সুকন্যা আমির পেয়েছেন ২৬২ ভোট এবং রুহুল সাখাওয়াত পেয়েছেন ২৪৯ ভোট।

১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। প্রতিষ্ঠার সময় সংগঠনটির নাম ছিল ‘পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি’। বাংলাদেশের স্বাধীনতার পর নাম পরিবর্তন করে রাখা হয় ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’, সংক্ষেপে বাচসাস। চলচ্চিত্র সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি দেশের চলচ্চিত্র অঙ্গনে অবদানের স্বীকৃতি দিতে দীর্ঘদিন ধরে কাজ করছে সংগঠনটি। বাচসাস পুরস্কারও দেশের চলচ্চিত্র অঙ্গনে পরিচিত একটি স্বীকৃতি। নতুন সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুলের নেতৃত্বে ২০২৬-২০২৮ মেয়াদে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]