প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ এএম
(ভিজিট : ২৯)
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে শিয়ালের আক্রমণে মারা গেছে স্থানীয় বাসিন্দাদের আদরের চিত্রা হরিণ ‘বিজলী’। দীর্ঘ ৯ থেকে ১০ বছর ধরে দ্বীপের মানুষের সঙ্গে মিশে থাকা হরিণটির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয়দের মধ্যে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম নিয়াজী বিজলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিঝুমদ্বীপের নামার বাজার এলাকায় শিয়ালের আক্রমণে গুরুতর আহত হয় হরিণটি। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হওয়ায় পরে তার মৃত্যু হয়। মঙ্গলবার নামার বাজার জামে মসজিদের কবরস্থানে বিজলীকে মাটিচাপা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালে বনের মধ্যে অসুস্থ অবস্থায় পাওয়া যাওয়ার পর বিজলীকে নামার বাজারে নিয়ে আসা হয়। এরপর স্থানীয় বাসিন্দারা দুধ খাইয়ে স্নেহ ও যত্নে তাকে বড় করে তোলেন। মানুষের সঙ্গে দীর্ঘদিনের সখ্য গড়ে ওঠায় সে লোকালয়ে থাকতে অভ্যস্ত হয়ে পড়ে। আর স্থায়ীভাবে বনে ফিরে যায়নি।
গত ৯ থেকে ১০ বছর ধরে নিঝুমদ্বীপের মানুষের সঙ্গে বিজলীর নিবিড় সম্পর্ক তৈরি হয়েছিল। দ্বীপের বিভিন্ন এলাকায় তাকে ঘুরে বেড়াতে দেখা যেত। স্থানীয় বাসিন্দারা আদর করে তাকে খাবার দিতেন। দেশি-বিদেশি পর্যটকদের কাছেও পরিচিত হয়ে উঠেছিল হরিণটি। অনেকের কাছে বিজলী ছিল পরিবারের সদস্যের মতো। তাকে ঘিরে দ্বীপের মানুষের রয়েছে নানা স্মৃতি।
জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম নিয়াজী বলেন, বন বিভাগের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিজলীর মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে। হরিণটির মৃত্যুতে নিঝুমদ্বীপের বাসিন্দারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।