বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলিবর্ষণে গুলিবিদ্ধ পাঁচ
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৩৪ পিএম  (ভিজিট : ৮)
পাবনার ঈশ্বরদীতে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে ছাত্রদলের মিছিলের প্রস্তুতিকালে অতর্কিত হামলা ও গুলিবর্ষণে ছাত্রদলের ৫ জন গুলিবিদ্ধ ও জামায়াত-আ'লীগের কয়েকটি বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায়  পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এদিকে গুলিবর্ষণে ছাত্রদলের পাঁচজন গুলিবিদ্ধের ঘটনার  প্রতিবাদ জানিয়ে দফায় দফায় বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল সহ স্থানীয় বিএনপি। 

ঘটনার দিন থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত কয়েকটি বিক্ষোভ সমাবেশে উত্তাল পুরো শহর। মঙ্গলবার সন্ধায় সর্বশেষ  এক কর্মসূচি শেষে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুর ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে আওয়ামী সন্ত্রাসী কাকন বাহিনীকে সঙ্গে নিয়ে জামায়াতের নেতাকর্মীরা ছাত্রদলের উপর গুলিবর্ষণ করেছেন বলে অভিযোগ করা হয়। 

এদিকে জামায়াতে ইসলামীর দাবি, আধিপত্য বিস্তারে জাকারিয়া পিন্টুর সমর্থকরা স্বসস্ত্র অবস্থায় কয়েকটি বসতবাড়ি অগ্নিসংযোগ ও লুটপাট করেছেন। তবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ অস্বীকার করে পৌর বিএনপির আহবায়ক ইসলাম হোসেন জুয়েল লিখিত বক্তব্যে 'কাকন বাহিনীর সঙ্গে গোপন সম্পর্ক নেই ও তাদের যোগসাজশে ছাত্রদলের উপর গুলিবর্ষণ হয়নি' পবিত্র কোরআন স্পর্শ করে তার স্পষ্ট অবস্থান নিশ্চিতের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উদ্দেশ্যে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, পদ্মার বালিমহলে আধিপত্য ও রাজনৈতিক বিরোধে আওয়ামী সমর্থিত নদীপথের রাজা নামখ্যাত কাকন বাহিনীর সঙ্গে বিএনপির একাংশের বিরোধ চলে আসছে। গত সোমবার সন্ধায় আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে জাকারিয়া পিন্টুর সমর্থক ও স্থানীয় ছাত্রদলের একাংশ নেতাকর্মীরা সাড়া ইউনিয়ন মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করছিলেন। মিছিলটি ওই এলাকার রঙ্গিলার মোড় পর্যন্ত আসতেই জামায়াতপন্থী বালু ব্যবসায়ী শফি মন্ডলের বাড়ির ভিতর থেকে প্রথম গুলি ছোঁড়া হয়। 

পরে মুখোশধারী একদল সন্ত্রাসী এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন এবং সেখানে নওশাদ ও শফি মন্ডল প্রত্যক্ষভাবে তাদের সহযোগিতা করেন। পরে ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলার প্রতিবাদ করে বিভিন্ন স্লোগান দিয়ে পুনরায় মিছিল করে খাঁ পাড়ার দিকে অগ্রসর হতে থাকেন। সেখানে একসঙ্গে কয়েকটি বাড়ির ভিতর থেকে আবারো গুলিবর্ষণ করা হলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদলের ৫ জন নেতাকর্মী গুলিবিদ্ধ ও কয়েকজন গুরুতর আহত হন। পরে তাৎক্ষণিক বিক্ষুব্ধরা ওসব বাড়িগুলো ঘেরাও করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় বিক্ষুব্ধরা বাড়ির সামনে রাখা কয়েকটি মোটরসাইকেলে আগুন ও বসতবাড়িতে হামলা-অগ্নীসংযোগের ঘটনা ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তৃপক্ষ।

এসব ঘটনার পরদিন সকালে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ বসতবাড়ি পরিদর্শনে এসে পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল গাফফার বলেন, আধিপত্য বিস্তার ও বালুমহল দখল করতেই সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছেন জাকারিয়া পিন্টু ও তার ভাই মেহেদী হাসান। তাদের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে জামায়াত সমর্থকদের বসতবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট করেছেন। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এসএম সোহেল, ঈশ্বরদী উপজেলা জামায়াত আমির মোঃ সাইদুল ইসলাম ও অন্যান্য নেতাকর্মীরা।

এ অভিযোগ অস্বীকার করে ঈশ্বরদী পৌর বিএনপির আহবায়ক ইসলাম হোসেন জুয়েল সংবাদ সম্মেলনে জানান, ছাত্রদল যদি আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল করে তবে জামায়াত নেতাদের বাড়ির ভিতর থেকে গুলিবর্ষণ কেন করা হলো? এবং এতগুলো মোটরসাইকেলই বা কাদের ছিল? নিশ্চয়ই একটি পরিবারে এতগুলো মোটরসাইকেল থাকবেনা। আমরা জানতে পেরেছি আওয়ামী সন্ত্রাসী কাকন বাহিনীর সঙ্গে আঁতাত করে অবৈধ বালুমহলের টাকা জামায়াত ইসলামীর নেতাকর্মীরা ভাগ বাটোয়ারা করে খাচ্ছে, বিনিময়ে স্থানীয় আওয়ামীলীগ নেতাদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন তারা।

এ ব্যাপারে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুর সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি তবে তার ভাই উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান বলেন, ছাত্রদল আওয়ামীলীগের বিরুদ্ধে মিছিল করলো আর জামায়াত নেতার বাড়ির ভিতর থেকে মুখোশধারীরা গুলিবর্ষণ করে ৫ জনকে গুলিবিদ্ধ করলো। যারা গুলি করেছে তারা সকলেই কাঁকন বাহিনীর লোকজন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি পদক্ষেপ দাবি করছি।

ঈশ্বরদী থানার ওসি মোঃ আশাদুর রহমান জানান, ঘটনার পর থেকেই ওই এলাকায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং পরিস্থিতিও শান্ত রয়েছে। এছাড়াও শহরে  বিভিন্ন পয়েন্ট পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনভাবেই অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর গতকালের গোলাগুলির বিষয়ে এখন পর্যন্ত কোন পক্ষ থেকেই লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]