শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৩:০৩ পিএম  (ভিজিট : ১০)
স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও দেশের বেশ কিছু মৌলিক সমস্যার সমাধান না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে, বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ নিজেরাই দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা পরিবর্তনের দাবিতে রাজপথে নেমেছেন। তাঁরা সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন আনতে চেয়েছেন। তবে দুর্ভাগ্যজনকভাবে সব সময় সেই লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি।

ঢাকা কলেজের ঐতিহ্য ও অবদানের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, প্রতিষ্ঠানটি বাংলাদেশ, এ অঞ্চল এবং সমগ্র উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ। এখান থেকে বহু সৃজনশীল ও গুণী মানুষ তৈরি হয়েছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা বরাবরই রাজনৈতিকভাবে সচেতন ছিলেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন।

তবে কলেজটির আবাসন ও শিক্ষার পরিবেশ নিয়ে হতাশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন, হোস্টেল, উন্নত লাইব্রেরি ও আধুনিক গবেষণাগারের ব্যবস্থা নেই—এ কথা শুনে তাঁর খারাপ লেগেছে।

শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী স্নাতক শেষ করে কর্মজীবনে প্রবেশ করছেন, কিন্তু তাঁদের অনেকের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান ও চাকরির সুযোগ তৈরি হচ্ছে না। দেশের মানুষের প্রয়োজন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে সাজাতে হবে, যাতে তা বাস্তব জীবনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। এ দেশের জন্য পূর্বপুরুষেরা জীবন দিয়েছেন, একইভাবে নতুন প্রজন্মের অনেক তরুণও আত্মত্যাগ করেছেন। তাঁদের স্বপ্ন ও ত্যাগের ভিত্তিতে এমন একটি দেশ গড়ে তুলতে হবে, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম মর্যাদা ও মানবিক পরিবেশে জীবনযাপন করতে পারবে। পাশাপাশি নিশ্চিত করতে হবে সাম্য, উন্নয়ন এবং নিজেদের সম্ভাবনা বিকাশের সুযোগ।

শিক্ষকদের দায়িত্বের বিষয়েও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, শিক্ষকদের কাজ শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের চিন্তাশক্তি, বিবেক, মূল্যবোধ ও মানবিক চরিত্র গঠনেও তাঁদের ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে মুক্তবুদ্ধির চর্চা, জ্ঞান অনুসন্ধান, গবেষণার মানসিকতা ও সৃজনশীল চিন্তার বিকাশে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি বলেন, নতুন প্রজন্ম অনেক বেশি সৃজনশীল, সাহসী ও উদ্যোগী। তাঁদের হাত ধরেই বাংলাদেশ একটি বাসযোগ্য ও মানবিক সমাজ হিসেবে গড়ে উঠবে বলে তিনি প্রত্যাশা করেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]