বুধবার ● ১১ নভেম্বর ২০২৬ ● ২৭ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:১৫ পিএম  (ভিজিট : ৯)
দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধান এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ও ধারাবাহিক ভূমিকা কামনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, নাগরিকত্বের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়া সম্ভব হলেই এ সংকটের স্থায়ী সমাধান হবে।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের রোহিঙ্গাবিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্রিটিশ সংসদ সদস্য ইমরান হোসেন। অন্য সদস্যদের মধ্যে ছিলেন কাউন্সিলর হাসান উজ্জামান খান, পার্লামেন্টারি রিসার্চার মোহাম্মদ তাহমিদ মারজুক মোরশেদ এবং অরফানস ইন নিডের তহবিল সংগ্রহ বিভাগের প্রধান আলতাফ হোসেন।

সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকটের সমাধান, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং এ সংকট নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান আইনি কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সালাহউদ্দিন আহমদ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক ও বহুমাত্রিক কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সদস্যরাও রোহিঙ্গা জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করার পক্ষে কাজ করা এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আরও বেশি সমর্থন আদায়ের প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]