শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড কার্যালয়ের গাড়ি চালক মোঃ আল-আমিনের বিরুদ্বে ক্ষমতার অপব্যবহার ও সেবা গ্রহীতাদের হয়রানির অভিযোগ উঠেছে।এনিয়ে এসিল্যান্ড অনিন্দিতা রানী ভৌমিকের কাছে স্থানীয় ভুক্তভোগী রাশেদ খান মিলন লিখিত অভিযোগ নিয়ে গেলে তাকে মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেন। পরে অভিযোগর তুলে নেওয়ার মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় ভুক্তভোগীদের মাধ্যমে জানা যায়, আলামিন সরকারি গাড়ির চালক হয়েও তিনি জমি সংক্রান্ত বিভিন্ন কাজে মধ্যস্থতা ও অবৈধ লেনদেনের সাথে জড়িয়ে পড়েছেন।
নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, নামজারি (মিউটেশন), মিস কেস এবং জমির খতিয়ান সংশোধনের জন্য,ঝিনাইগাতী বাজারের দোকান ঘর মেরামত এসিল্যান্ড অফিসে আসা সাধারণ মানুষকে কৌশলে ফাঁদে ফেলেন এই চালক। দ্রুত কাজ করে দেওয়ার নাম করে তিনি বড় অঙ্কের অর্থ দাবি করেন বলে অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে কর্মকর্তার নাম ভাঙিয়ে তিনি প্রভাব বিস্তার করেন এবং টাকা না দিলে ফাইল আটকে রাখার ভয় দেখান।
উপজেলার একজন সেবাগ্রহীতা জানান, "এসিল্যান্ড স্যারের ড্রাইভার হওয়ার কারণে সবাই তাকে গুরুত্ব দেয়। এই সুযোগ কাজে লাগিয়ে তিনি অফিসের ভেতরের অনেক দালালের সাথে সিন্ডিকেট তৈরি করেছেন। সাধারণ মানুষ তার হাতে জিম্মি হয়ে পড়েছে।
এবিষয়ে ভুক্তভোগী রাশেদ খান মিলন বলেন, খারিজ করে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে এসিল্যান্ডের ড্রাইভার ৫০ হাজার টাকা নেয়। পরে খারিজ দেই দিচ্ছি বলে অনেকদিন পার হলেও খারিজ করে দেয় না। আমি টাকা ফেরত চাইলে উল্টো আমাকে মামলার ভয় দেখায়। এবিষয়টা নিয়ে আমি এসিল্যান্ডের কাছে লিখিত অভিযোগ দিতে গেলে উল্টো আমাকে মামলা দিয়ে জেলে পাঠাবে ভয় দেখিয়ে আটকিয়ে রাখে।পরে আমার অফিসের ম্যানেজার স্যার এসে অভিযোগ তুলে নিতে মুচলেকা দিলে আমাকে ছেড়ে দেয়। পরে এ বিষয়ে আমি শেরপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।
এবিষয়ে ভুক্তভোগী আশকর আলী বলেন, বাজারের সরকারি ঘর মেরামত করার জন্য ড্রাইভার আলামিন আমার কাছ থেকে ৩০ হাজার টাকা নেয়। অনেকদিন পার হলেও টালবাহানা করতে থাকে। পরে টাকা ফেরত চাইলে মনির মেম্বারের মাধ্যমে ১৫ হাজার টাকা ফেরত দেয়, আর বাকী টাকা এখনও দেয়নি।
সাহেরা বেগম নামের আরেক ভুক্তভোগী বলেন,সাড়ে ৪ শতাংশ জমি খারিজ করার জন্য এসিল্যান্ডের ড্রাইভার আলামিন আমার কাছে ৫ হাজার টাকা চেয়েছিলো,না দিতে পারায় খারিজ করতে পারি নাই।
এবিষয়ে স্থানীয় জাকিয়া পারভীন জেলা প্রশাসক কাছে লিখিত অভিযোগে বলেন, বিতর্কিত ড্রাইভার আলামিন বিগত সময়ে এসিল্যান্ড অফিসের গাড়ীর চালক থাকা অবস্থায় ঝিনাইগাতী বাজারের বিভিন্ন দোকানে নিরব চাঁদাবাজি ও এসিল্যান্ড অফিসের ক্ষমতাকে পুঁজি করে জমি সংক্রান্ত বিভিন্ন অনিয়মের সাথে জড়িত থাকা এবং জুলাই-২৪ আন্দোলনের ছাত্র-জনতা বিরোধী আচারণ গাড়ী চালক আল-আমিনের মধ্যে প্রকাশিত হওয়ায় আন্দোলনকারী ছাত্র-জনতা ক্ষুব্ধ হয়ে ঝিনাইগাতী এসিল্যান্ড অফিসের গাড়ীটি ছাত্র-জনতা পুঁড়িয়ে দেয়। জুলাই-২৪ পরবর্তী দীর্ঘ প্রায় ১৮ মাস আত্মগোপনে থাকার পর হঠাৎ গত ০৮ মার্চ গাড়ীচালক আল-আমিনকে ঝিনাইগাতী এসিল্যান্ড অফিসে দেখা যায়। পরবর্তীতে ১২ মার্চ গোপন সূত্রের ভিত্তিতে জানা যায় যে,ঝিনাইগাতী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক আত্মগোপনে থাকা সাবেক গাড়ীচালক মোঃ আল-আমিনকে পুনরায় এসিল্যান্ড অফিসের গাড়ী চালক হিসাবে চুক্তি ভিত্তিক নিয়োগ প্রদান করেন।
এবিষয়ে ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক বলেন, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ড্রাইভার আলামিন বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইগাতীর সচেতন নাগরিক সমাজ অবিলম্বে এই চালকের বিরুদ্বে ওঠা অভিযোগ তদন্ত করার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মনে করেন, একজন নিম্নপদস্থ কর্মচারীর এমন আচরণে পুরো ভূমি অফিসের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।