শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


অবশেষে ইনানীর গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩:১০ পিএম  (ভিজিট : ১৬)
টানা ৩১ দিনের চেষ্টার পর কক্সবাজারের ইনানী এলাকার গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বিশেষ কারিগরি পদ্ধতিতে ৩০ ইঞ্চি কেসিং স্থাপনের মাধ্যমে কূপের বিভিন্ন স্থান দিয়ে বের হওয়া গ্যাসের আগুন নিভিয়ে ফেলা হয়।

আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন কূপটিকে সম্পূর্ণ নিরাপদ করার পাশাপাশি সেখানে নতুন করে গ্যাস অনুসন্ধানের প্রস্তুতি নিচ্ছে বাপেক্স। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, কূপের ভূগর্ভস্থ চাপ নিয়ন্ত্রণ ও গ্যাসের প্রকৃতি নির্ধারণের কাজ শেষ করে পরবর্তী অনুসন্ধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাপেক্সের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণের কাজটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জটিল। এ জন্য কেসিং লাইনের সঙ্গে সংযুক্ত ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাসের প্রবাহ অন্যদিকে সরিয়ে নেওয়া হয়।

এতে কূপের মুখে গ্যাসের চাপ কমে আসে। একপর্যায়ে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।

এবার কূপ নিরাপদ করার কাজ

আগুন নিয়ন্ত্রণে আসার পর কূপটির পরবর্তী কারিগরি কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাপেক্স। সংস্থাটির পরিকল্পনা অনুযায়ী, কূপের গভীরতা বিবেচনায় ড্রিল পাইপ পুনরায় প্রবেশ করিয়ে প্রায় এক হাজার ফুট পর্যন্ত খনন করা হবে। এ সময় কূপের ভেতরে প্রয়োজনীয় ড্রিলিং মাড ব্যবহার করা হবে, যা ভূগর্ভস্থ গ্যাসের চাপ নিয়ন্ত্রণে সহায়তা করবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এক হাজার ফুট পর্যন্ত খনন শেষ হলে কূপের ফরমেশন প্রেসার বা ভূগর্ভস্থ চাপের ভারসাম্য প্রতিষ্ঠার কাজ করা হবে। এরপর বিশেষ ধরনের মাড ব্যবহার করে ভূগর্ভ থেকে অনিয়ন্ত্রিতভাবে গ্যাস বের হওয়ার পথ স্থায়ীভাবে বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে। এসব কাজ সফলভাবে শেষ হলে কূপটিকে নিরাপদ অবস্থায় নিয়ে আসা সম্ভব হবে।

বাপেক্সের বিভাগীয় প্রধান শ্যামল কুমার বালু বলেন, কেসিং স্থাপন ও ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ করায় আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। এখন ধাপে ধাপে কূপটিকে নিরাপদ করে ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য প্রস্তুত করা হবে।

তিনি আরও জানান, কূপটি সম্পূর্ণ নিরাপদ হওয়ার পর এলাকায় নতুন করে জিওলজিক্যাল ও সিসমিক সার্ভে করা হবে। এসব জরিপের তথ্য বিশ্লেষণ করে এলাকায় বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত রয়েছে কি না, তা মূল্যায়ন করা হবে। সেই মূল্যায়নের ভিত্তিতেই ভবিষ্যতে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গ্যাসের নমুনা পাঠানো হচ্ছে ঢাকায়

এদিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর গ্যাস লাইনের মাধ্যমে বের হওয়া গ্যাসের দুটি নমুনা সংগ্রহ করেছেন বাপেক্সের কারিগরি কর্মকর্তারা।

বাপেক্সের ব্যবস্থাপক এসএম নাফিসুল আরফান জানান, নমুনা দুটি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। পরীক্ষার মাধ্যমে গ্যাসের রাসায়নিক গঠন, উপাদান ও গুণগত মান সম্পর্কে জানা যাবে। একই সঙ্গে গ্যাসটির বাণিজ্যিক সম্ভাবনা মূল্যায়নেও এসব তথ্য কাজে আসবে।

বাপেক্সের কর্মকর্তা রকিবুল হাসান বলেন, নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেলে গ্যাসের গুণগত মান ও ভবিষ্যতে সেখানে অনুসন্ধানের সম্ভাবনা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

২৭ অক্টোবর শুরু হয়েছিল আগুন

গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানী ইউনিয়নের ছোট ব্রিজ এলাকায় একটি গভীর নলকূপ স্থাপনের কাজ চলার সময় হঠাৎ ভূগর্ভ থেকে প্রচণ্ড চাপে গ্যাস বের হতে শুরু করে। কিছুক্ষণ পর পাশের বৈদ্যুতিক তার থেকে সৃষ্ট স্পার্কের কারণে গ্যাসে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে পুরো এলাকা আগুনের শিখায় আচ্ছন্ন হয়ে পড়ে। এরপর টানা ৩১ দিন ধরে দিন-রাত জ্বলতে থাকে আগুন।

ঘটনার পরপরই বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিভিন্ন পর্যায়ে গ্যাসের চাপ কমানো, নিরাপত্তাবেষ্টনী তৈরি, বিশেষ যন্ত্রপাতি স্থাপন ও কারিগরি বিশ্লেষণের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। শেষ পর্যন্ত শুক্রবারের বিশেষ কারিগরি কার্যক্রমে আগুন নিয়ন্ত্রণে আসে।

দীর্ঘদিন ধরে আগুনের তাপ, ধোঁয়া ও নিরাপত্তাঝুঁকির কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছিল। আগুন নিভে যাওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে। তবে বাপেক্সের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এলেও কূপটি পুরোপুরি নিরাপদ করতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করতে হবে। ভূগর্ভস্থ চাপ নিয়ন্ত্রণ, গ্যাসের প্রকৃতি নির্ধারণ এবং ভবিষ্যৎ অনুসন্ধানের প্রস্তুতি শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে বিশেষজ্ঞ দলের কার্যক্রম অব্যাহত থাকবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]