প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:৪৭ পিএম
(ভিজিট : ৩০)
সকল জটিলতা কাটিয়ে অবশেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়াম প্রকল্প এলাকায় পৌঁছেছে। শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুর প্রকল্পে প্রবেশ করে।
প্রকল্পের পরিচালক (পিডি) ড. করিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাশিয়া থেকে ভারত হয়ে বিশেষ কার্গো উড়োজাহাজে চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় সড়কপথে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি পাবনার ঈশ্বরদীর রূপপুরে নেওয়া হয়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) প্রণব কুমার সরকার ‘আমার দেশ’-কে বলেন, ঈশ্বরদীর মুলাডুলি থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরকে কড়া নিরাপত্তার মধ্যে রূপপুর প্রকল্পের অভ্যন্তরে নেওয়া হয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, দ্বিতীয় ইউনিটের প্রথম চালানটি গত ২৪ সেপ্টেম্বর দেশে আসার কথা ছিল। কিন্তু রাশিয়া থেকে বাংলাদেশে আসার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে চালানটি আনা সম্ভব হয়নি। পরে বিকল্প ব্যবস্থায় নতুন সূচিতে শুক্রবার চালানটি দেশে পৌঁছায়।
রোসাটমের সূচি অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রূপপুরের দুই ইউনিটের জন্য আরও পারমাণবিক জ্বালানি দেশে আসবে। মোট ৯টি ফ্লাইটে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে।
এর আগে ২০২৪ সালের অক্টোবরে রূপপুরের প্রথম ইউনিটের জ্বালানি সরবরাহ শুরু হয়। দ্বিতীয় ইউনিটের প্রথম চালান পৌঁছানোর মধ্য দিয়ে এবার ওই ইউনিটের জ্বালানি সরবরাহের নতুন পর্যায় শুরু হলো।