বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬ ● ১৫ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


ঈশ্বরদীতে অবৈধ বালুবাহী যানবাহনে বেহাল সড়ক, সংস্কারের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪২ পিএম  (ভিজিট : ১৩)
পাবনার ঈশ্বরদীতে পদ্মার অবৈধ বালুবাহী যানবাহনের দাপটে সড়কের বেহাল দশায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কয়েকটি গ্রামের হাজারো মানুষের। এরই প্রতিবাদ জানিয়ে সড়কে অবস্থান করে তীব্র ক্ষোভ প্রকাশ ও সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। 

মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের ইলশামারি শহীদ মোল্লার মোড় এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।  

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন যাবত পদ্মার বিভিন্ন পয়েন্ট থেকে  অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। আর সেসব বালু পরিবহনে ভারী যান চলাচলে সড়কটির পিচ-ঢালাই উঠে রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। বর্তমানে রাস্তাটি এমন পর্যায়ে পৌঁছেছে যে, পায়ে হেঁটেও চলাচল করাও দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

জানা গেছে, সড়কটি উপজেলার সাড়া ইউনিয়নের ইলশামারি মোড় থেকে শুরু করে মাজদিয়া গ্রাম ও ইপিজেডের সামনে শেষ হয়েছে। প্রায় সাড়ে ৭ কিলোমিটার এ সড়কটি ব্যবহার করে ইপিজেড, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করেন হাজারো মানুষ। 

সরেজমিনে দেখা গেছে, স্থানীয়রা সড়কে দাঁড়িয়ে "অবৈধ ভারী যানবাহন চলবেনা চলবেনা", "সড়কের ক্ষতি মানিনা মানবোনা" সহ নানারকম স্লোগান দিয়ে সড়কটি সংস্কারের দাবি জানান। এসময় তারা সড়কে সৃষ্ট খানাখন্দে বালি দিয়ে ভরাট করে তা চলাচলের উপযোগী করার চেষ্টাও করছিলেন।

বিক্ষুব্ধ স্থানীয়রা জানান, এই সড়কটির পাশেই রয়েছে ঈশ্বরদী ইপিজেড এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো দেশের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে কর্মরত হাজার হাজার শ্রমিক নিয়মিত এই সড়ক দিয়ে যাতায়াত করেন। এছাড়া বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় ছোট ছোট শিশু শিক্ষার্থীরাও এই ভাঙা ও পিচ্ছিল রাস্তায় প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে।  শুধু তাই নয় রোগীদের সঠিক সময়ে চিকিৎসাকেন্দ্রে পৌঁছানো দুরূহ হয়ে পড়েছে।  

ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত এই অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং ভারী যানবাহন চলাচল রোধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে দ্রুত সড়কটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হাসার মোহাম্মদ শোয়াইব বলেন, এ সড়কগুলো সংস্কারের প্রস্তবনা ইতিমধ্যে করা হয়েছে। কিছু কিছু সড়কে সংস্কার কাজ চলমান রয়েছে। খুব শিগগিরই এ সড়কটিরও সংস্কার কাজ শুরু করা হবে। আর বালুবাহী অবৈধ যানবাহন চলাচল রোধে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]