প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭:৩৩ পিএম
(ভিজিট : ২০)

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ১৩ হাজার ৩৪ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এখন পর্যন্ত এসব মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিজিবির করা মামলাটি বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা হয়েছে। এতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি এবং সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে দ্বিতীয় আসামি করা হয়েছে। এ ছাড়া আরও ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
গত ১৭ নভেম্বর টুঙ্গিপাড়ার নিলফা (খালেক) বাজারে বিজিবি সদস্যদের ওপর হামলার অভিযোগে ২৩ নভেম্বর মামলাটি করেন বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত হোসেন।
মামলার এজাহারে বলা হয়েছে, হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিজিবির কার্যক্রমে বাধা দেয় এবং সদস্যদের হত্যার চেষ্টা করে। এ ঘটনায় কয়েকজন আহত হন। এ ছাড়া সরকারি যানবাহনে আগুন দেওয়া এবং সরকারি সম্পদ ভাঙচুরের অভিযোগও আনা হয়েছে।
অন্যদিকে, টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ২২ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে পৃথক মামলা করে পুলিশ। এ মামলায় ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৮ হাজার ব্যক্তিকে।
নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. বাবুল শেখ, ইলিয়াস সরদার, এমদাদ বিশ্বাস ও তৌফিক বিশ্বাস। এ ছাড়া আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাদেরও আসামি করা হয়েছে।
পুলিশের করা মামলার এজাহারে থানার ভবন, ব্যারাক ও সরকারি যানবাহনসহ বিভিন্ন সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু দুটি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
দুটি মামলায় মোট আসামির সংখ্যা ১৩ হাজার ৩৪ জন। তাঁদের মধ্যে ১৩ হাজারই অজ্ঞাতনামা।