প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৪:০১ পিএম
(ভিজিট : ০)

বাণিজ্য, বিনিয়োগ, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও দক্ষ জনশক্তি বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও জার্মানি। এ লক্ষ্যে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক বিনিয়োগের নতুন সুযোগ অনুসন্ধানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
গত ২৬ নভেম্বর বার্লিনে জার্মানির পার্লামেন্ট বুন্ডেসটাগের উন্নয়নবিষয়ক কমিটির সদস্য নিকোলাস জিপেলিয়াসের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আলোচনায় ব্যবসায়ী পর্যায়ে নিয়মিত যোগাযোগ, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং দুই দেশের ব্যবসায়িক সংগঠন ও চেম্বারগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি অভিবাসন, মানবিক ও সামাজিক উন্নয়ন, শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবা খাতে যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তাঁরা।
নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার বিষয়ও বৈঠকে স্থান পায়।
শামা ওবায়েদ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, সৃজনশীল অর্থনীতি এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশ ও জার্মানির মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ তুলে ধরেন। পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীটনৈতিক সম্পর্ক জোরদার, ক্রীড়া কূটনীতি এবং দুই দেশের তরুণদের মধ্যে যোগাযোগ ও বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবাসনে জার্মানির সহযোগিতাও কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ ছাড়া দুই দেশের আইনপ্রণেতাদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-জার্মানি সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের বিষয়েও আলোচনা করেন দুই সংসদ সদস্য। এর মাধ্যমে সংসদীয় পর্যায়ে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বৈঠকে শামা ওবায়েদ জার্মান আইনপ্রণেতাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে নিকোলাস জিপেলিয়াস ২০২৭ সালে একটি সংসদীয় প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।