
সরকারি উদ্যোগে সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ জন কর্মী পাঠানোর ঘটনাকে বৈদেশিক কর্মসংস্থানে নতুন দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তাঁর মতে, কর্মীদের অভিবাসন ব্যয়ের সম্পূর্ণ দায়িত্ব নিয়োগকর্তার নেওয়ার মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সম্ভাবনার সূচনা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন লেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠার মাধ্যমে প্রবাসীদের অধিকার, কল্যাণ ও স্বার্থ সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ আরও সুসংহত হয়।
তিনি বলেন, সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের জনশক্তি রপ্তানিতে নতুন অধ্যায় সূচিত হয়েছে। সরকারি ব্যবস্থাপনায়, কর্মীদের শূন্য অভিবাসন ব্যয়ে এবং নিয়োগকর্তার সম্পূর্ণ অর্থায়নে মালয়েশিয়ায় ১১২ জন কর্মীর প্রথম দল পাঠানো হয়েছে। স্বচ্ছ ডিজিটাল লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কর্মী নির্বাচনের এ প্রক্রিয়া বৈদেশিক কর্মসংস্থানে নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, বিএনপি সরকারের লক্ষ্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, অভিবাসন ব্যয় কমানো এবং প্রবাসী কর্মীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা। তারেক রহমানের নেতৃত্বে সেই অঙ্গীকার বাস্তবায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি উল্লেখ করেন, একজন কর্মীর বিদেশযাত্রা শুধু তাঁর ব্যক্তিগত স্বপ্নের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে একটি পরিবারের আর্থিক সচ্ছলতা, সন্তানদের ভবিষ্যৎ এবং স্বজনদের মুখে হাসি ফোটানোর প্রত্যাশা। প্রবাসীদের শ্রম ও কষ্টার্জিত আয়ে দেশের অর্থনীতি সমৃদ্ধ হওয়ার পাশাপাশি লাখো পরিবারের জীবনমানের পরিবর্তন ঘটে।
মাহদী আমিন বলেন, শহীদ জিয়াউর রহমানের সূচিত পথ, বেগম খালেদা জিয়ার প্রাতিষ্ঠানিক উদ্যোগ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। বিদেশে কর্মসংস্থান যেন কর্মীদের জন্য অভিবাসন ব্যয়ের বোঝা না হয়ে মর্যাদা, নিরাপত্তা, সচ্ছলতা ও সম্ভাবনার সুযোগ তৈরি করে, সেটিই সরকারের লক্ষ্য।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ফ্লাইটে ১১২ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেন। পরদিন শুক্রবার তাঁরা মালয়েশিয়ায় পৌঁছালে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তাঁদের স্বাগত জানান।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মীদের নির্বাচন করা হয়। মালয়েশিয়ার নিয়োগকর্তা তাঁদের অভিবাসনসংক্রান্ত ব্যয় বহন করছে। কর্মীরা দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। তাঁদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত।
আগামী ডিসেম্বর মাসে আরও ২২৫ জন কর্মীকে একই ব্যবস্থায় মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।