শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


২০২৭ সাল থেকে প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭:০১ পিএম  (ভিজিট : ১৫)

শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ কর্মসূচির আওতায় প্রতিদিন দুপুরের খাবার পাবে প্রায় ১ কোটি ১০ লাখ শিশু।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সংলগ্ন পুরোনো বাণিজ্য মেলা প্রাঙ্গণে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেন, শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখতে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। আগামী ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ১০ লাখ শিশু এ সুবিধার আওতায় আসবে।

তিনি বলেন, চলমান কর্মসূচির পাশাপাশি খাবারের গুণগত মান ও পুষ্টিমান নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ত করা এবং তদারকি জোরদার করা প্রয়োজন। বিদ্যালয়ের খাবার আরও সুস্বাদু, পুষ্টিকর ও সহজলভ্য করতে জেলা ও উপজেলা পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাবও দেন তিনি।

স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি অনুসরণ এবং স্থানীয়ভাবে সহজলভ্য উপকরণ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, শাকসবজি, আমিষ ও দুগ্ধজাত খাবারের ব্যবহার বাড়ানোর পাশাপাশি রান্নার কাজে মায়েদের সম্পৃক্ত করলে শিশুদের পুষ্টির মান উন্নত করা সম্ভব হবে।

রন্ধনশিল্পের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রান্না কেবল একটি শিল্প নয়; এটি বিজ্ঞান, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম। রান্নার মধ্য দিয়ে মানুষের ইতিহাস, ব্যক্তিত্ব ও ভালোবাসার প্রকাশ ঘটে। তাই নতুনত্ব ও সৃজনশীলতার চর্চা অব্যাহত রাখার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রান্নাকে পরিচিত করে তুলতে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

দেশের শিশুদের পুষ্টি পরিস্থিতি তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী ২৫ দশমিক ১ শতাংশ শিশু খর্বতার শিকার। শিশুদের অপুষ্টি দূর করা, সবার জন্য খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, ক্ষুদ্র কৃষকদের সহায়তা এবং টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার গুরুত্বপূর্ণ অংশ।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে খাদ্যের অপচয় কমানো, দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং মা ও শিশুর পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

কৃষিপ্রধান বাংলাদেশের নতুন প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নত ফসলের জাত, ভিটামিন ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন এবং রোগ প্রতিরোধী ফসলের চাষ বাড়াতে হবে। ভিটামিন এ-সমৃদ্ধ সোনালি ধান, রোগ প্রতিরোধী আলু এবং পোকা প্রতিরোধী বেগুন চাষের প্রসার ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৩০ হাজারের বেশি কৃষক পোকা প্রতিরোধী বেগুন চাষ করছেন।

আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তুলতে সেচ ও কৃষি অবকাঠামোর উন্নয়ন, খাল খননের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পতিত জমি চাষের আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ডা. জুবাইদা রহমান। পাশাপাশি জাতীয় খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নীতি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।

মা ও শিশুর জন্য নিরাপদ ও বৈচিত্র্যময় খাদ্য নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহায়তায় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও রান্নার পদ্ধতি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এতে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক কৃষিবিদ মো. শাহজামান খান।

রন্ধন প্রতিযোগিতায় ৩০০টি রেসিপির মধ্য থেকে সেরা তিনজনসহ মোট পাঁচজনকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় প্রথম হন মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি, দ্বিতীয় হন আবু আব্দুল্লাহ এমডি সিয়াম এবং তৃতীয় হন রংপুরের সাজিয়া ফেরদৌস। বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেওয়া হয়। পরে ডা. জুবাইদা রহমান বিজয়ী ও প্রতিযোগীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]