
পোশাকশ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গ্রহণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে সমঝোতা না হওয়ায় বোর্ডের ছয় সদস্যের গোপন ভোটে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভোটে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে মত দেন।
বুধবার (২৫ নভেম্বর) পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে এক ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বিষয়টি জানান।
তিনি বলেন, নতুন মজুরি কাঠামোয় চারটি গ্রেড রাখা হয়েছে। এর মধ্যে প্রথম গ্রেডে মাসিক মজুরি ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ বা সর্বনিম্ন গ্রেডে ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়েছে।
বোর্ড চেয়ারম্যান জানান, প্রথম তিনটি গ্রেডের মজুরি মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সম্মতিতে নির্ধারিত হয়েছে। তবে চতুর্থ গ্রেডের মজুরি নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য থাকায় ‘বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫’-এর ১২৯(২) বিধি অনুসরণ করে গোপন ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। শেষ পর্যন্ত বোর্ডের চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। বাকি দুই সদস্য ১৮ হাজার টাকার পক্ষে মত দেন।
নতুন কাঠামো অনুযায়ী আগামী ১ ডিসেম্বর থেকে মজুরি কার্যকরের প্রস্তাব করা হয়েছে। সে ক্ষেত্রে ডিসেম্বর মাসের কাজের বিপরীতে জানুয়ারিতে যে বেতন দেওয়া হবে, তাতে নতুন মজুরি কাঠামো অনুসরণের কথা রয়েছে।
পুরোনো বেতন কাঠামোর সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে ন্যূনতম ২ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান বোর্ড চেয়ারম্যান। বর্তমানে নির্ধারিত নিম্নতম মজুরির চেয়ে বেশি বেতন পাওয়া শ্রমিকদের ক্ষেত্রেও অন্তত ২ হাজার টাকা সমন্বয়ের কথা বলা হয়েছে। শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস শ্রমিকদের মজুরি এবং বার্ষিক বেতন বৃদ্ধির বিষয়টি খসড়া সুপারিশ তৈরির সময় কারিগরি দিক বিবেচনায় নির্ধারণ করা হবে।
চেয়ারম্যান আরও জানান, দ্রুত খসড়া সুপারিশ চূড়ান্ত করে গেজেট প্রকাশের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। গেজেটে গ্রেডভিত্তিক মজুরি, বেতন সমন্বয় এবং কার্যকরের বিষয়গুলো উল্লেখ থাকবে। এরপর কারখানাগুলোকে নতুন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পরিশোধ করতে হবে।
সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাবুল আখতার ও আনোয়ার হোসাইন। মালিকপক্ষের প্রতিনিধি ছিলেন আসিফ আইয়ুব ও অধিত্রম সামছুদ্দিন। নিরপেক্ষ সদস্য ছিলেন ড. মোসলেহ উদ্দিন আহমদ। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
তবে বোর্ডের এ সিদ্ধান্তকে মজুরি নির্ধারণের প্রস্তাব গ্রহণ হিসেবে দেখা হচ্ছে। চূড়ান্ত বাস্তবায়নের জন্য খসড়া সুপারিশ, মন্ত্রণালয়ের পরবর্তী প্রক্রিয়া এবং গেজেট প্রকাশের বিষয়টি সম্পন্ন হওয়া প্রয়োজন।