প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা, মামলা, কারাবাস ও প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন পার করে এখন দেশের সরকারপ্রধান।
তারেক রহমানের রাজনৈতিক যাত্রা শুরু হয় একটি রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠার মধ্য দিয়ে। তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি। মা বেগম খালেদা জিয়া তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পারিবারিক রাজনৈতিক পরিবেশের মধ্যেই শৈশব ও কৈশোর কাটে তারেক রহমানের।
তবে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন ১৯৮৮ সালে। ওই বছর বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্য হন তিনি। ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পান। এর মধ্য দিয়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা বাড়তে থাকে।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচন ছিল তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ একটি পর্যায়। ওই নির্বাচনে মা খালেদা জিয়ার নির্বাচনী প্রচারে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। বিএনপির নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচটি আসনের প্রচার সমন্বয়ে কাজ করেন। পরবর্তী সময়ে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও দলের সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনী প্রচারে ভূমিকা রাখেন তিনি।
দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার ধারাবাহিকতায় ২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তারেক রহমান। এরপর দেশের বিভিন্ন এলাকায় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার কাজে যুক্ত হন। তৃণমূল পর্যায়ে প্রতিনিধি সভা ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে দলের ভেতরে তাঁর প্রভাব বাড়তে থাকে।
তবে তাঁর রাজনৈতিক জীবনে বড় পরিবর্তন আসে ২০০৭ সালে। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তিনি। কারাবন্দি অবস্থায় নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেন তারেক রহমান ও তাঁর দল। পরবর্তী সময়ে শারীরিক অসুস্থতার কারণে ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। এরপর দীর্ঘ প্রায় ১৭ বছর লন্ডনে অবস্থান করেন।
দেশের বাইরে থাকলেও বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তারেক রহমান। দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, ভার্চুয়াল বৈঠক এবং বিভিন্ন নির্দেশনার মাধ্যমে বিদেশে থেকেই দল পরিচালনায় ভূমিকা রাখেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার, হামলা ও নির্যাতনের অভিযোগের মধ্যেও দলীয় নেতৃত্ব ধরে রাখার চেষ্টা করেন।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর একই বছরের ফেব্রুয়ারিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান। দলটির জন্য তখনকার সময় ছিল নানা রাজনৈতিক ও সাংগঠনিক চ্যালেঞ্জের। চেয়ারপারসন কারাগারে থাকায় এবং বহু নেতাকর্মী মামলা ও গ্রেপ্তারের মুখে পড়ায় বিদেশে অবস্থান করেই তাঁকে দলের নেতৃত্ব দিতে হয়।
এরপর ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে ফেরার সুযোগ তৈরি হয় তারেক রহমানের। দীর্ঘ প্রায় ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন।
দেশে ফেরার পাঁচ দিনের মাথায়, ৩০ ডিসেম্বর মারা যান তাঁর মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ব্যক্তিগত শোকের পাশাপাশি দলের নেতৃত্বেও নতুন দায়িত্ব নিতে হয় তারেক রহমানকে। ২০২৬ সালের ৯ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে জয়লাভ করে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২১১টি আসন পায়। নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। দীর্ঘ রাজনৈতিক পথচলা, নির্বাসিত জীবন ও দলীয় নেতৃত্বের নানা অধ্যায় পেরিয়ে এবার সরকারপ্রধান হিসেবে তাঁর প্রথম জন্মদিন পালিত হচ্ছে।