প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাজনীতির শক্তি ক্ষমতার আড়ম্বর নয়; বরং গণমানুষের সমর্থন, বিশ্বাস ও ম্যান্ডেট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
শুক্রবার (২০ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানানো এক পোস্টে মাহদী আমিন এ কথা লেখেন।
পোস্টে তিনি লেখেন, গণমানুষের নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আজ জন্মদিন। ব্যক্তিগত পর্যায় ছাড়িয়ে দিনটির বিশেষ জাতীয় তাৎপর্য রয়েছে। দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মর্যাদা এবং জনগণের অধিকার, স্বাধীনতা ও সুরক্ষার সঙ্গে তার নেতৃত্ব গভীরভাবে আবর্তিত।
তিনি আরো লেখেন, এক ঐতিহাসিক মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরায় আমরা দেখেছি মানুষের অভূতপূর্ব সমাগম, আবেগ ও মমত্ববোধ।
নির্বাচনে তার নেতৃত্বে জনগণের ঐতিহাসিক বিজয় সেই ভালোবাসা ও আস্থারই গণতান্ত্রিক প্রতিফলন। এখনো দেশের যেখানেই তিনি যান, সব শ্রেণি, পেশা ও বয়সের মানুষ যেভাবে তাকে আপন করে নেন, তা মানুষের সঙ্গে আত্মিক বন্ধনের বহিঃপ্রকাশ।
প্রধানমন্ত্রীর চলাফেরায় প্রচলিত ভিভিআইপি সংস্কৃতির আড়ম্বর নেই উল্লেখ করে তিনি লেখেন, ক্ষমতার বেষ্টনী ভেঙে তিনি বারবার ছুটে যান তৃণমূলে, প্রান্তিক মানুষের কথা শোনেন, তাদের সঙ্গে মিশে যান। কারণ, তার রাজনীতির মূল দর্শন হলো, রাষ্ট্রক্ষমতার প্রকৃত উৎস জনগণ।
জনগণের প্রেরণা ও সমর্থনই নেতৃত্বের সবচেয়ে বড় শক্তি। জনগণের সঙ্গে থাকা, সমস্যার সমাধান করা, দেশের স্বার্থ রক্ষা এবং ‘সবার আগে বাংলাদেশ’ নিশ্চিত করা তার রাজনীতির মৌলিক লক্ষ্য।
ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত সৌভাগ্যবান মন্তব্য করে মাহদী আমিন লেখেন, ২০১১ সাল থেকে দেড় দশক ধরে তারেক রহমানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার সুযোগ হয়েছে। খুব কাছ থেকে দেখেছি দেশের প্রতি তার অসীম ভালোবাসা, মানুষের ভাগ্য পরিবর্তনের দৃঢ় প্রত্যয় এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার সুদূরপ্রসারী পরিকল্পনা ও নিরলস কর্মপ্রয়াস। দেখেছি, অনিঃশেষ অপপ্রচার ও ষড়যন্ত্র, প্রতিকূলতা ও দীর্ঘ সংগ্রামের মধ্যেও তার অবিচল মনোবল, জনগণের শক্তির প্রতি আস্থা এবং দেশের জন্য কাজ করে যাওয়ার অদম্য স্পৃহা। তার এই অঙ্গীকার, নিষ্ঠা ও কর্মযজ্ঞ আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে।
তিনি লেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে বিএনপির প্রতিষ্ঠা, তার রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বে বাংলাদেশের আত্মপরিচয় ও জাতীয়তাবাদী রাজনীতির বিকাশ, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ আপসহীন গণতান্ত্রিক সংগ্রাম-এর সবই বাংলাদেশের ইতিহাসের গৌরবময় অধ্যায়। এই ইতিহাসের প্রতিটি বাঁকে রয়েছে গভীর ত্যাগ, দেশপ্রেম ও জনগণের প্রতি দায়বদ্ধতার স্বাক্ষর। সেই আদর্শ, সংগ্রাম ও ঐতিহাসিক ধারাবাহিকতায়, তারেক রহমান আজ পালন করছেন বহুমাত্রিক দায়িত্ব। তার দায়িত্ব শুধু ঐতিহ্য ও আদর্শকে এগিয়ে নেওয়া নয়; বরং প্রতিটি অর্জন ও অভিজ্ঞতাকে পাথেয় করে, দেশ বিনির্মাণের পরিকল্পনা ও প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করে, একটি স্বাধীন, গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা।
মাহদী আমিন লেখেন, বাংলাদেশের ভবিষ্যৎ, উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তার নেতৃত্ব আজ দেশকে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে নিয়ে এসেছে। অসাধারণ ব্যক্তিত্ব ও সক্ষমতার অধিকারী হয়েও তারেক রহমান জীবনযাপনে অত্যন্ত সাধারণ, মাটির কাছাকাছি থাকা একজন মানুষ। তার কাছে রাজনীতির শক্তি ক্ষমতার আড়ম্বর নয়; বরং গণমানুষের সমর্থন, বিশ্বাস ও ম্যান্ডেট।
প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে তিনি লেখেন, জনগণের অভূতপূর্ব ভোটে নির্বাচিত ও গণ-আকাঙ্ক্ষার প্রধানমন্ত্রীকে মহান আল্লাহ সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, শক্তি ও প্রজ্ঞা দান করুন। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাক গণতন্ত্র, সমৃদ্ধি, স্বনির্ভরতা ও বাংলাদেশি জাতীয়তাবাদের এক নতুন দিগন্তে।
শেষে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মাহদী আমিন লেখেন, শুভ জন্মদিন, মাননীয় প্রধানমন্ত্রী। আপনার প্রতিটি সাফল্যে আমরা গর্বিত। প্রতিটি ঘাত-প্রতিঘাতে, সম্ভাবনা-সাফল্যের প্রতিটি বাঁকে, আপনার সঙ্গে থাকতে চাই। আমরা আপনার পাশে আছি, থাকবো। আজ, আগামীকাল, আজীবন, ইনশাআল্লাহ।