প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৭:০৫ পিএম
(ভিজিট : ৬)

সংগৃহীত ছবি
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি ভালো রয়েছে। ভবিষ্যতেও এ পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জেলা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি।
থানায় অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে আলী হোসেন ফকির বলেন, থানাগুলো জনগণের সেবার জন্য প্রতিষ্ঠিত। জনগণ নিজেরাই যদি থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে সেবা দেবে? একটি এলাকায় লাখ লাখ মানুষ বসবাস করলেও থানায় দায়িত্ব পালনকারী পুলিশের সংখ্যা তুলনামূলকভাবে কম। উদাহরণ দিয়ে তিনি বলেন, কোনো এলাকায় ১০ লাখ মানুষ থাকলেও সেখানে একটি থানায় হয়তো মাত্র ২০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।
এ কারণে আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের মানসিক ও সার্বিক সহযোগিতা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি।
আইজিপি আরও বলেন, জনগণ যদি মনে করে কোনো এলাকায় পুলিশের প্রয়োজন নেই, তাহলে নিজেদের উদ্যোগেই আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। সরকারের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে।
আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে মো. আলী হোসেন ফকির বলেন, এর আগেও অনেক লাগাতার কর্মসূচি হয়েছে। সেসব কর্মসূচির পরিণতি সবার জানা।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো পরিস্থিতি তৈরি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন কিছু করা উচিত নয়, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান নিতে হয়।