শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ক্ষতিপূরণ নিশ্চিতে বাংলাদেশ কাজ করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৩:৪৩ পিএম  (ভিজিট : ১২)

রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইডের ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়কে তাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মিয়ানমারে প্রত্যাবাসনের পথ সুগম করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে দেখছে বাংলাদেশ। জেনোসাইডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ।

ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে বাংলাদেশ কাজ করবে।
শুক্রবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এসব কথা বলেন। মিয়ানমারে রোহিঙ্গা জেনোসাইডের ঘটনায় আইসিজের রায় এবং এর তাৎপর্য তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণে আইসিজের এই রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

আদালত সিদ্ধান্ত দিয়েছেন, মিয়ানমার রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড সংঘটিত করেছে। একইসঙ্গে রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগত জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন আদালত। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও জাতিগত পরিচয় রয়েছে এবং তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাস করে আসছে।

তিনি বলেন, কয়েক দশক ধরে বৈষম্যমূলক আইন, বিধিনিষেধ ও বিদ্বেষমূলক প্রচারণার মাধ্যমে রোহিঙ্গাদের অধিকার ক্রমাগত সংকুচিত করা হয়েছে।

জেনোসাইড প্রতিরোধ এবং অপরাধীদের বিচারের ক্ষেত্রে মিয়ানমারের আন্তর্জাতিক আইনগত দায় ও বাধ্যবাধকতা লঙ্ঘনের বিষয়টিও আদালত নিশ্চিত করেছেন।
হুমায়ুন কবির বলেন, জেনোসাইড প্রতিরোধে মিয়ানমারের ব্যর্থতা এবং ২০২০ সালে আইসিজের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ অনুযায়ী জেনোসাইড-সংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণের বাধ্যবাধকতা পালনে দেশটির ব্যর্থতার বিষয়টি রায়ে উঠে এসেছে।

তিনি আরো বলেন, আদালত মিয়ানমারকে জেনোসাইড প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সহিংসতা বন্ধ, অপরাধে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত এবং যথাযথ ক্ষেত্রে বিচার ও শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আইসিজের এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।

মামলার পক্ষগুলোর জন্য রায়টি প্রতিপালন করা আইনগতভাবে বাধ্যতামূলক।
বাংলাদেশের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ এ মামলার আনুষ্ঠানিক পক্ষ নয়। তবে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে প্রায় ১৩ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া এবং দীর্ঘদিন ধরে এই মানবিক সংকটের ভার বহন করার কারণে বাংলাদেশ মামলার বিচারিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে।

রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, ঐতিহাসিক এই রায় তাদের মিয়ানমারে প্রত্যাবর্তনের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করবে। প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়, উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ক্ষতিপূরণের বিষয়ে হুমায়ুন কবির বলেন, জেনোসাইডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বহুপক্ষীয় অংশীদার ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করতে হবে। ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে বাংলাদেশ কাজ করবে।

আইসিজের রায় বাস্তবায়নের পরবর্তী প্রক্রিয়া এবং নিরাপত্তা পরিষদের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলার পক্ষ হিসেবে গাম্বিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করতে পারে। এ ক্ষেত্রে জাতিসংঘ ব্যবস্থা ও বহুপক্ষীয় অংশীদারদের মাধ্যমে জোরালো উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে।

রাখাইনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্তিশালী অবস্থান প্রয়োজন। এ বিষয়ে বহুপক্ষীয় উদ্যোগ ও আন্তর্জাতিক অংশীদারদের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ।

রোহিঙ্গাদের প্রত্যাবাসন ত্বরান্বিত করতে বাংলাদেশের করণীয় সম্পর্কে তিনি বলেন, এটি দীর্ঘদিনের সংকট। রোহিঙ্গা ও বাংলাদেশ—উভয় পক্ষই এ সংকটের ভার বহন করছে। পরিবারের সদস্যদের হারানোর মতো ট্র্যাজেডির ক্ষতিপূরণ অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে জাতিসংঘ ব্যবস্থা, বহুপক্ষীয় সংস্থা ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করতে হবে। শুধু দ্বিপক্ষীয় উদ্যোগের মাধ্যমে এ সংকটের সমাধান সম্ভব নয়।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ অবস্থান এবং জোরালো উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গাদের ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও প্রত্যাবাসনের পথ তৈরি করতে হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানে বাংলাদেশের অঙ্গীকার অবিচল থাকবে। আন্তর্জাতিক আইন, ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠায় বাংলাদেশ কাজ করে যাবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]