শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


আন্তর্জাতিক আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১:২৪ পিএম  (ভিজিট : ১৪)
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পরদিন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সময় তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক বিচার আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার। নইলে ফল ভালো হবে না।’

শুক্রবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। এ সময় রোহিঙ্গারা তাঁকে স্বাগত জানান। সফরকালে তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগ, নিরাপত্তাহীনতা ও নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা শোনেন।

এ সময় ড. খলিলুর রহমান বলেন, ‘আজ সকালে আমি একটি বিশেষ সময়ে, বিশেষ দিনে এবং ঐতিহাসিক মুহূর্তে ক্যাম্পে এসেছি। গতকাল আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার মামলায় রায় দিয়েছেন। আদালতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা।’

রায় কার্যকর হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যা ও নির্যাতনের জন্য দায়ীদের বিচারের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।

আন্তর্জাতিক বিচার আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের ন্যায়বিচার ও উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। একইসঙ্গে রোহিঙ্গাদের হারানো অধিকার, পরিচয় ও মর্যাদা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে।’

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়ে তিনি বলেন, ‘তাঁদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা জরুরি। মিয়ানমারের রাখাইন রাজ্যে ফিরে যাওয়ার পর যেন তাঁরা আবারও নির্যাতন, নিপীড়ন ও বৈষম্যের শিকার না হন, সেজন্য নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার পথ তৈরি করতে হবে। প্রত্যাবাসন হতে হবে এমন পরিবেশে, যেখানে তাঁরা ভয়ভীতি ছাড়াই নিজেদের অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারবেন।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, ‘বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষ আমাদের আশ্রয় দিয়ে জীবন বাঁচিয়েছেন। এ জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু আমরা চিরদিন শরণার্থী শিবিরে থাকতে চাই না। আমাদের চূড়ান্ত লক্ষ্য মিয়ানমারে নিজেদের ঘরে ফিরে যাওয়া। সে জন্য নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।’








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]