বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


সৌদিতে জাতীয় উদ্যোক্তা ও এসএমই কৌশল অনুমোদন, তৈরি হবে ৫ লাখের বেশি কর্মসংস্থান
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৭ পিএম  (ভিজিট : ২২)
ব্যবসা ও উদ্যোক্তা খাতকে আরও শক্তিশালী করতে ন্যাশনাল এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস (SME) স্ট্র্যাটেজি অনুমোদন করেছে সৌদি আরবের মন্ত্রিসভা।

মঙ্গলবার অনুমোদিত এ কৌশলে ব্যবসার প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, আন্তর্জাতিক উদ্ভাবনী স্টার্টআপ আকৃষ্ট করা এবং সৌদি আরবে ব্যবসা পরিচালনার ব্যয় কমাতে ১৩টি উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। 

কৌশলটির অন্যতম প্রধান লক্ষ্য হলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি করা এবং সৌদি আরবের মোট দেশজ উৎপাদন—জিডিপিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) অবদান ৩৫ শতাংশে উন্নীত করা। 

সৌদি বাণিজ্যমন্ত্রী এবং General Authority for Small and Medium Enterprises (Monsha’at)-এর চেয়ারম্যান ড. মাজিদ আল-কাসাবি বলেন, নতুন কৌশলটি উদ্যোক্তা পরিবেশকে আরও উন্নত করবে, ব্যবসা সম্প্রসারণে সহায়তা করবে এবং জাতীয় অর্থনীতিতে এসএমই খাতের অবদান বাড়াবে।

১৩টি উদ্যোগের আওতায় এসএমই ও স্টার্টআপের অর্থায়ন ও বাজারে প্রবেশের সুযোগ বাড়ানো, পরিচালন সক্ষমতা উন্নয়ন, নিয়ন্ত্রক ও উদ্ভাবনী পরিবেশ শক্তিশালী করা এবং ব্যবসা পরিচালনা সহজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। 

এছাড়া ২০৩০ সালের মধ্যে উদ্যোক্তা দক্ষতা ও জ্ঞানসংক্রান্ত সূচকে বিশ্বে প্রথম হওয়ার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। 

নতুন কৌশলের আওতায় শিল্পনগরী ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এসএমই ও স্টার্টআপের জন্য সহায়তা বাড়ানো, আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণ ও রপ্তানি সহজ করা এবং সরকারি ক্রয় ও বড় কোম্পানির সরবরাহ ব্যবস্থায় এসএমইগুলোর অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

একই সঙ্গে দেশের সব এসএমইকে নিয়ে একটি সমন্বিত জাতীয় ডাটাবেস তৈরির পরিকল্পনাও রয়েছে। এ ডাটাবেস সংশ্লিষ্ট অন্যান্য তথ্যভান্ডারের সঙ্গে সংযুক্ত থাকবে।

এছাড়া উদ্ভাবনী বৈশ্বিক স্টার্টআপকে সৌদিতে আকৃষ্ট ও স্থানীয়করণ, বিভিন্ন খাতে সৌদিকরণ (Saudization)-এর ন্যূনতম হার পর্যালোচনা, ব্যবসা পরিচালনার ব্যয় কমানো, আর্থিক সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি, অর্থায়নের সুযোগ সম্প্রসারণ এবং এসএমইকে অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোকে উৎসাহ দেওয়ার উদ্যোগও কৌশলটিতে রাখা হয়েছে। 

সৌদি সরকারের ভাষ্য অনুযায়ী, Vision 2030-এর আওতায় বেসরকারি খাতকে শক্তিশালী করার প্রচেষ্টায় এই কৌশল একটি নতুন ধাপ। এর মাধ্যমে শুধু নতুন ব্যবসা প্রতিষ্ঠায় সহায়তার পরিবর্তে বিদ্যমান ব্যবসাগুলোকে বড় করা, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম করে তোলা এবং দেশীয় ও বৈশ্বিক বাজারে সম্প্রসারণের পরিবেশ তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]