প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৩ পিএম
(ভিজিট : ৮৯)
কর্মক্ষেত্রে ক্রমাগত শোষণ, বঞ্চনা ও বৈষম্যের শৃঙ্খল ভেঙে নিজেদের ন্যায্য অধিকার আদায়ে সিউলের রাজপথে নেমেছেন দক্ষিণ কোরিয়ায় কর্মরত অভিবাসী শ্রমিকেরা। আজ রবিবার (১৩ সেপ্টেম্বর, ২০২৬) দুপুর ২টায় সিউল আঞ্চলিক কর্মসংস্থান ও শ্রম অফিসের সামনে অভিবাসী শ্রমিক ইউনিয়ন (MTU)-এর উদ্যোগে এক ঐতিহাসিক জাতীয় অভিবাসী শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। কোরিয়ার বিভিন্ন প্রদেশ থেকে আসা হাজার হাজার অভিবাসী শ্রমিক অধিকার আদায়ের এই আন্দোলনে যোগ দিয়ে সিউলের রাজপথকে এক প্রতিবাদী মিছিলে পরিণত করেন।
সমাবেশ শেষে আন্দোলনকারীরা সিউলের প্রেসিডেন্সিয়াল ভবন ব্লু হাউসের উদ্দেশ্যে এক বিশাল প্রতিবাদী পদযাত্রা পরিচালনা করেন। সেখানে পৌঁছানোর পর এক ব্যতিক্রমী ও প্রতীকী প্রতিবাদের দৃশ্য দেখা যায়—মুক্তির আকাঙ্ক্ষা এবং কর্মস্থল পরিবর্তনের পূর্ণ স্বাধীনতার দাবিতে শ্রমিকেরা অসংখ্য কাগজের বিমান প্রতীকীভাবে আকাশের দিকে ছুঁড়ে মারেন। রাজপথের আকাশে উড়ানো এই বিমানগুলো শ্রম শোষণের বিরুদ্ধে অভিবাসীদের জমাট বাঁধা ক্ষোভ ও অধিকার আদায়ের দৃপ্ত অঙ্গীকার তুলে ধরে।
সমাবেশে উপস্থিত বক্তারা স্পষ্ট ভাষায় জানান, কোরিয়ায় অবস্থানরত প্রবাসী শ্রমিকেরা কারো করুণা বা অনুগ্রহের পাত্র নন; কঠোর পরিশ্রমের বিনিময়ে তারা নিজেদের ন্যায্য মানবাধিকার দাবি করছেন। নেতৃবৃন্দ জোরপূর্বক শ্রম ব্যবস্থা অবিলম্বে বিলোপ এবং E-9 ও E-7 ভিসাধারীসহ সকল অভিবাসী শ্রমিকের সমান মানবাধিকার ও শ্রম অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান। বিশেষ করে, কোরিয়ান সরকার E-9 ও E-7 ভিসার কর্মস্থল পরিবর্তন এবং মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত রোডম্যাপ প্রকাশের আশ্বাস দেওয়া সত্ত্বেও বাস্তবে তা ঝুলিয়ে রাখার তীব্র সমালোচনা করা হয়। এই ইস্যুতে MTU সরকারের সাথে ১০ বার বৈঠকে বসলেও এখনো কোনো সুনির্দিষ্ট সমাধান আসেনি বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রবাসীদের উদ্দেশ্যে কথা বলেন অভিবাসী শ্রমিক ইউনিয়ন পরিষদের প্রধান সিনিয়র সহ-সভাপতি শেখ আল মামুন, সহ-সভাপতি ফয়েজ আহমেদ পলাশ এবং সদস্য মো. মামুন। কোরিয়ার দূর-দূরান্ত থেকে শত প্রতিকূলতা ডিঙিয়ে সমাবেশে অংশ নেওয়ায় তারা সাধারণ শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। নেতৃবৃন্দ বলেন, "নীরবতা বজায় রাখলে অন্যায়ের মাত্রা কেবল বাড়তেই থাকে। তাই একতাবদ্ধ হয়ে সোচ্চার হওয়া ছাড়া অধিকার আদায়ের কোনো বিকল্প নেই।" একই সাথে, নিজেদের আইনি সুরক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে সকল অভিবাসী শ্রমিককে MTU-এর সদস্যপদ গ্রহণ করার উদাত্ত আহ্বান জানান ।