বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


সিউলে GICC সম্মেলনে সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫১ পিএম  (ভিজিট : ২৫)
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে তিন দিনব্যাপী গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার কো-অপারেশন কনফারেন্স (GICC) ২০২৬। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিউলের কনরাড হোটেলে শুরু হওয়া এ সম্মেলনে বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম অংশ নিয়েছেন।

১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলা এ সম্মেলনে ৩২টি দেশের মন্ত্রী ও উপমন্ত্রীসহ প্রায় ৫০০ প্রতিনিধি অংশ নিচ্ছেন। এতে বিভিন্ন দেশের অবকাঠামো খাতের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং নির্মাণ ও প্রকৌশল খাতের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে শেখ রবিউল আলম টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, অবকাঠামো উন্নয়ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নয়, আঞ্চলিক যোগাযোগ, সামাজিক উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে অর্থায়নের পাশাপাশি আধুনিক প্রযুক্তি, জ্ঞান ও কারিগরি দক্ষতার সমন্বয় প্রয়োজন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশ দক্ষিণ কোরিয়াসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে অবকাঠামো খাতে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী। জি-টু-জি, বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই), সহজ শর্তের অর্থায়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে নতুন অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ।

বাংলাদেশের ভবিষ্যৎ হাইওয়ে, রিং রোডসহ বিভিন্ন বড় অবকাঠামো প্রকল্পে আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও জানান তিনি। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি, অভিজ্ঞতা ও দক্ষতা বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন শেখ রবিউল আলম।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘AI와 함께 여는 글로벌 인프라 사업 협력’, যার অর্থ ‘এআইয়ের মাধ্যমে বৈশ্বিক অবকাঠামো প্রকল্পে সহযোগিতা’। সম্মেলনে নির্মাণ, পরিবহন ও অবকাঠামো খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং ভবিষ্যৎ প্রকল্পে এর সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় (MOLIT) আয়োজিত এবং ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব কোরিয়ার (ICAK) ব্যবস্থাপনায় এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]