বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্পেনের বার্সেলোনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কাতালোনিয়া বিএনপির উদ্যোগে স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফির সভাপতিত্বে অনুষ্ঠিত সভা যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক মামুন রহমান ও ফরহাদ মীর রাজন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বার্সেলোনা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক জাবেদ আহমেদ।
অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
আলোচনা সভায় কাতালোনিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক ও বড়লেখা পৌরসভার সাবেক মেয়র ফখরুল ইসলাম, সহসভাপতি তুতিউর রহমান, ভিলাফ্রানকা বিএনপির আহ্বায়ক নেছার উদ্দিন, কাতালোনিয়া বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শহীদ, বখতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান মহসিন, সাংগঠনিক সম্পাদক আবু সাহেন তালুকদার, ইঞ্জিনিয়ার নূরে আলম, প্রস্তাবিত কমিটির সহসভাপতি টুনু মিয়া, সহসাধারণ সম্পাদক লুতফুর রহমান, সাবেক আহ্বায়ক সদস্য বোরহান উদ্দিন ও জিয়াউল হক মুন্নাফ বক্তব্য দেন।
এ ছাড়া বার্সেলোনা মহানগর বিএনপির আহ্বায়ক ফয়সল আহমেদ, সদস্য সচিব নুরুল আমিন নুরু, বাদালোনা বিএনপির আহ্বায়ক সুমন দেওয়ান, সদস্য সচিব শিপন আহমেদ, স্পেন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্কাস মিয়া, সদস্য সচিব এ আর লিটু, যুবদল স্পেন দক্ষিণের নেতা ফয়সল মোল্লা ও সুমন পায়েলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত দলের রাজনৈতিক অগ্রযাত্রা, ঐতিহ্য ও দীর্ঘ সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, দেশের মানুষের সেবা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের দীর্ঘ ইতিহাস আত্মত্যাগ ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গড়ে উঠেছে।
বক্তারা আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা ও ত্যাগের মধ্য দিয়ে বিএনপি আজও তার সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছে। তারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দলের নেতৃত্ব ও সাংগঠনিক মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সর্বোচ্চ নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে প্রবাসে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভার শেষপর্যায়ে কেক কাটা হয়। পরে কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।