শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


অনিয়ম বন্ধে মুগদা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৪ পিএম  (ভিজিট : ১০)
রোগী হয়রানি ও অনিয়ম বন্ধে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) তিনি হাসপাতালে সরেজমিনে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন।  এসময় তিনি ডেঙ্গু ওয়ার্ডও পরিদর্শন করেন।

পরিদর্শনকালে রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালের পরিবর্তে বাইরে থেকে করানোর অভিযোগ পান স্বাস্থ্যমন্ত্রী।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সব সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করানো হচ্ছে। ফলে তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।

বিশেষ করে ডেঙ্গুর সব পরীক্ষা হাসপাতালে থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় মুগদা হাসপাতালকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।

এরপরও রোগীরা সেবা থেকে বঞ্চিত হলে তা মেনে নেওয়া হবে না। এ ধরনের অনিয়ম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি হাসপাতালের সেবার মান ও বিভিন্ন অনিয়ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সেবা প্রত্যাশীদের ক্ষোভের বিষয়টি নজরে আসার পর স্বাস্থ্যমন্ত্রী সরেজমিনে পরিস্থিতি দেখতে এ আকস্মিক পরিদর্শনে যান।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]