বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: ইতালি বিএনপির নিন্দা, দূতাবাসে স্মারকলিপি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৬ পিএম  (ভিজিট : ২৫)
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে ইতালির ভেনিসে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেওয়ার কারণে স্থানীয় আওয়ামী লীগ পরিচয়ে একদল সন্ত্রাসী এই হামলা চালিয়েছে বলে জোরালো অভিযোগ উঠেছে। 

ঘটনার সুষ্ঠু বিচার, জড়িতদের গ্রেপ্তার ও বাঁধনকে আইনি সহায়তা প্রদানের দাবিতে রোমে বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দিয়েছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালি। এর আগে ইতালি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দও এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

চলচ্চিত্র উৎসব উপলক্ষে ভেনিসের পার্শ্ববর্তী মেস্ত্রে অঞ্চলে অবস্থানকালে পরিবারের সদস্যদের সঙ্গে বের হয়ে হামলার শিকার হন বাঁধন। প্রত্যক্ষদর্শী ও অভিনেত্রীর দেওয়া তথ্যানুযায়ী, মেস্ত্রের একটি পার্ক সংলগ্ন এলাকায় তাঁর ভাই, ভাইয়ের স্ত্রী ও তিন বছর বয়সী ভাগ্নেসহ তাঁদের পথরোধ করা হয়। 

হামলাকারীরা নিজেদের আওয়ামী লীগের সমর্থক দাবি করে অভিনেত্রীকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, গায়ে পানীয় ছুড়ে মারে এবং একপর্যায়ে শারীরিকভাবে আঘাত করে। তাঁর হাতের মুঠোফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলার চেষ্টা করা হয় এবং পরিবারের ওপরও চড়াও হয় তারা। জুলাই অভ্যুত্থানের পক্ষে কথা বলার কারণে তাঁকে জোরপূর্বক রাজনৈতিক স্লোগান দিতেও চাপ সৃষ্টি করা হয়।

ঘটনার পরপরই ইতালীয় পুলিশের হস্তক্ষেপে অভিনেত্রী ও তাঁর পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বাঁধন জানান, জুলাই অভ্যুত্থানের সমর্থক হওয়ার কারণেই পরিকল্পিতভাবে তাঁর ওপর এই হামলা হয়েছে। হামলাকারীদের পর্যাপ্ত ভিডিও প্রমাণ সংরক্ষিত রয়েছে জানিয়ে তিনি সাফ জানান, স্থানীয় আইনের মাধ্যমে দোষীদের উপযুক্ত বিচার নিশ্চিত না করে তিনি ইতালি ত্যাগ করবেন না।

এদিকে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দিয়েছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালি। দূতাবাসের প্রথম সচিব মারজুক ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক রাসেল মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব নাহিদ ইবনে জিহাদ, যোগাযোগ সচিব সাজিদুর রহমান, রোম লাজ্জিও আহ্বায়ক এস কে তারেকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সৈকত, কার্যনির্বাহী সচিব আরিফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য দাউদুল ইসলাম ও যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া একজন নারী ও শিল্পীর ওপর এমন বর্বর হামলা বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। রাজনৈতিক পরিচয় যাই হোক, সহিংসতা কোনোভাবেই বরদাশত করা যায় না।

অন্যদিকে ইতালি বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিদেশের মাটিতে একজন শিল্পীর ওপর আওয়ামী সন্ত্রাসীদের এমন হামলা অত্যন্ত জঘন্য ও কাপুরুষোচিত। হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করে ইতালীয় পুলিশের মাধ্যমে গ্রেপ্তার এবং তাদের স্টে-পারমিট বা ভিসা পর্যালোচনার জোর দাবি জানান তাঁরা।

বর্তমানে স্থানীয় ভেনিস পুলিশ সংগৃহীত সিসিটিভি ও ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে এবং বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও আইনি প্রক্রিয়ার সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]