সৌদি আরবের বাজারে বাংলাদেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) পণ্যের সম্ভাবনা তুলে ধরতে জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে ‘Bangladesh SME Showcase: Premium Products for Saudi Market’ শীর্ষক সেমিনার ও পণ্য প্রদর্শনী।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে এবং এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের সম্ভাবনাময় ও মানসম্পন্ন এসএমই পণ্য প্রদর্শন করা হয়। এতে সৌদি আরবের ব্যবসায়ী, বিনিয়োগকারী ও উদ্যোক্তারা অংশ নেন।
কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবার সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বাংলাদেশের এসএমই খাতের সম্ভাবনা, পণ্যের মান নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক বাজারে প্রবেশ এবং রপ্তানি বৃদ্ধির কৌশল তুলে ধরেন এসএমই ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার।
অনুষ্ঠানে বাংলাদেশের পাটজাত পণ্য, হস্তশিল্প, চামড়াজাত পণ্য, সিরামিক ও খাদ্য প্রক্রিয়াজাত পণ্যের প্রদর্শনী সৌদি ব্যবসায়ীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন বলেন, সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সৌদি বাজারে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা ও সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের আয়োজন দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেদ্দা চেম্বার অব কমার্সের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বন্দর রেদা বলেন, মানসম্মত পণ্য আমদানিতে জেদ্দা চেম্বার সবসময় আন্তর্জাতিক অংশীদারদের স্বাগত জানায়। তিনি বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য সৌদি বাজারে সুযোগ সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), এফবিসিসিআই ও সৌদি-বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা। পাশাপাশি সৌদি ফেডারেশন অব চেম্বার্স, জেদ্দা চেম্বার অব কমার্স এবং সৌদি-বাংলাদেশ বিজনেস ফোরামের প্রতিনিধিসহ বিভিন্ন ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে বক্তারা সৌদি ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশি পণ্যের রপ্তানি বহুমুখীকরণ, বাজার সম্প্রসারণ এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
অংশগ্রহণকারী ব্যবসায়ী ও উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, ‘বাংলাদেশ এসএমই শোকেস’ সৌদি বাজারে বাংলাদেশি পণ্যের পরিচিতি বৃদ্ধি এবং নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।