শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


প্যারিসে গাছবাড়ির প্রবাসীদের বৃহৎ মিলনমেলা ৬ সেপ্টেম্বর
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৪ পিএম  (ভিজিট : ৫৬)
ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত কানাইঘাটের গাছবাড়ি এলাকার প্রবাসীদের নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহৎ মিলনমেলা। আগামী ৬ সেপ্টেম্বর, রবিবার বিকেল ৫টায় মেরি দ্য ওবারভিলিয়ে এলাকার স্টুডিও ২৬ হলে (মেরির পেছনের হল) এ মিলনমেলা অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ আয়োজনে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত গাছবাড়ি এলাকার পাঁচ শতাধিক প্রবাসী অংশগ্রহণ করবেন। বিশেষ করে কানাইঘাটের ৭, ৮ ও ৯ নম্বর ইউনিয়নের প্রবাসীদের অংশগ্রহণে আয়োজিত এ মিলনমেলা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

মিলনমেলার অন্যতম প্রধান উদ্দেশ্য গাছবাড়িতে হাসপাতাল নির্মাণের উদ্যোগকে এগিয়ে নেওয়া। লন্ডনপ্রবাসীদের অর্থায়ন এবং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত এলাকার প্রবাসীদের সহযোগিতায় গাছবাড়িতে একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতাল নির্মাণের কার্যক্রম বাস্তবায়ন, এর প্রচার-প্রসার এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় হবে এবারের আয়োজনে।

আয়োজকদের প্রত্যাশা, প্রবাসীদের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমে গাছবাড়িতে একটি আধুনিক ও জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হবে।

মিলনমেলাকে সামনে রেখে লন্ডন থেকে ২৫ জন অতিথি বৃহস্পতিবার রাতে প্যারিসে পৌঁছেছেন। গার দ্য নর্থ (Gare du Nord) স্টেশনে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান গাছবাড়ি কমিউনিটি ইন ফ্রান্সের নেতৃবৃন্দসহ কানাইঘাটের বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা।

অতিথিদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন গাছবাড়ি কমিউনিটি ইন ফ্রান্সের সদস্যসচিব অ্যাডভোকেট এবাদুর রহমান, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুদু, যুগ্ম আহ্বায়ক জয়নুল আবেদীন, যুগ্ম আহ্বায়ক সামসুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। দীর্ঘদিন পর প্রবাসী স্বজন ও পরিচিতজনদের সঙ্গে সাক্ষাৎ হওয়ায় স্টেশনেই সৃষ্টি হয় আনন্দঘন ও আবেগঘন পরিবেশ। কুশল বিনিময় ও আন্তরিক আলাপচারিতায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।

গাছবাড়ি কমিউনিটি ইন ফ্রান্সের নেতৃবৃন্দ বলেন, ৬ সেপ্টেম্বর প্যারিসে অনুষ্ঠিতব্য এ মিলনমেলা কানাইঘাটের প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এর মাধ্যমে প্রবাসীদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হওয়ার পাশাপাশি এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ তৈরি হবে।

তারা বলেন, এলাকার উন্নয়নের জন্য শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে গাছবাড়িকে একটি মডেল এলাকায় পরিণত করা সম্ভব। এ উদ্যোগ সারা বাংলাদেশের জন্যও দৃষ্টান্ত হতে পারে।

আয়োজকরা জানান, মিলনমেলায় গাছবাড়ির হাসপাতাল নির্মাণের পাশাপাশি এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে।

৬ সেপ্টেম্বরের এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে প্যারিসসহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত কানাইঘাটের প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]