শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


মক্কার ক্লক টাওয়ারের বিশ্বজয়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে দুটি নতুন স্বীকৃতি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ পিএম  (ভিজিট : ৭)
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার অন্যতম স্থাপত্য নিদর্শন ক্লক টাওয়ার অর্জন করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দুটি নতুন আন্তর্জাতিক স্বীকৃতি। বিশ্বের সর্বোচ্চ ভবনের অভ্যন্তরে অবস্থিত জাদুঘর এবং সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চ হিসেবে এই স্বীকৃতি পেয়েছে স্থাপনাটি।

মক্কা নগরী ও পবিত্র স্থানসমূহের রয়্যাল কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৫ জানুয়ারি রেকর্ড দুটি আনুষ্ঠানিকভাবে অর্জিত হয়।

প্রথম স্বীকৃতিটি পেয়েছে ক্লক টাওয়ার জাদুঘর। ভূমি থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত এই জাদুঘরটি বিশ্বের কোনো ভবনের অভ্যন্তরে অবস্থিত সর্বোচ্চ জাদুঘর হিসেবে স্বীকৃতি পেয়েছে।

দ্বিতীয় স্বীকৃতিটি পেয়েছে ক্লক টাওয়ারের উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চ। ভূমি থেকে ৫৬০ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত এই মঞ্চটি বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চ হিসেবে গিনেস বিশ্ব রেকর্ডসে স্থান করে নিয়েছে। এখান থেকে পবিত্র মসজিদুল হারাম, পবিত্র কাবা শরিফ এবং মক্কা নগরীর বিস্তৃত দৃশ্য উপভোগ করা যায়।

ক্লক টাওয়ার জাদুঘর ২০১৯ সালের মে মাসে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। টাওয়ারের ওপরের চারটি তলাজুড়ে অবস্থিত এই জাদুঘরে জ্যোতির্বিজ্ঞান, সময় পরিমাপের ইতিহাস, চাঁদ পর্যবেক্ষণ এবং ঘড়ির প্রযুক্তিগত ও প্রকৌশলগত উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

এখানে দর্শনার্থীরা বিভিন্ন সভ্যতায় সময় নির্ধারণের পদ্ধতি, প্রাচীন ও আধুনিক জ্যোতির্বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং ইসলামী বর্ষপঞ্জির মাস শুরুর জন্য নতুন চাঁদ পর্যবেক্ষণের বৈজ্ঞানিক প্রক্রিয়া সম্পর্কে জানতে পারেন।

মক্কার পবিত্র মসজিদুল হারামের পাশে অবস্থিত ৬০১ মিটার উচ্চতার এই ক্লক টাওয়ার ২০১২ সালে নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর থেকেই বিশ্বের অন্যতম আলোচিত স্থাপত্য নিদর্শন হিসেবে পরিচিতি পেয়ে আসছে।

এটি সাতটি সুউচ্চ ভবন নিয়ে গঠিত আবরাজ আল-বাইত কমপ্লেক্সের অংশ। টাওয়ারটির চারদিকে চারটি বিশাল ঘড়ির ডায়াল রয়েছে। প্রতিটি ডায়ালের ব্যাস ৪৩ মিটার। এর আগে বিশ্বের সবচেয়ে উঁচু ঘড়ির টাওয়ার এবং সবচেয়ে বড় ঘড়ির ডায়ালের স্বীকৃতিও অর্জন করেছে স্থাপনাটি।

নতুন দুটি স্বীকৃতি যুক্ত হওয়ায় ক্লক টাওয়ারের আন্তর্জাতিক রেকর্ডের তালিকা আরও সমৃদ্ধ হয়েছে।

মক্কা নগরী ও পবিত্র স্থানসমূহের রয়্যাল কমিশনের মতে, এই অর্জন মক্কার ঐতিহাসিক, বৈজ্ঞানিক, সাংস্কৃতিক ও স্থাপত্য ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ।

পাশাপাশি নগরীর বাসিন্দা, হজ ও ওমরাহ পালনকারী এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের জন্য আরও উন্নত ও সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে পবিত্র নগরী মক্কা ধর্মীয় গুরুত্বের পাশাপাশি আধুনিক স্থাপত্য ও প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রেও নতুন পরিচিতি অর্জন করছে। ক্লক টাওয়ারের এই দুটি বিশ্ব রেকর্ড সৌদি আরবের আন্তর্জাতিক স্থাপত্য ও পর্যটন অঙ্গনে অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]