একটি পরীক্ষা, আর সেই পরীক্ষাকে নির্বিঘ্ন করতে পুরো দেশজুড়ে বিশেষ সতর্কতা! শিক্ষার্থীদের মনোযোগে যাতে সামান্যতম বিঘ্ন না ঘটে, সে জন্য বিমান চলাচল, সামরিক মহড়া, গণপরিবহন, যানবাহন ও নির্মাণকাজের শব্দ নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে ২০২৭ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘কলেজ স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট’, যা দেশটিতে ‘সুনুং’ (수능) নামে পরিচিত। এবারের পরীক্ষায় নিবন্ধন করেছেন ৫ লাখ ৫১ হাজার ৮৬৪ জন শিক্ষার্থী। দেশটির ৮৫টি পরীক্ষাজেলার ১ হাজার ৩১২টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সকাল ৮টা ৪০ মিনিটে পরীক্ষা শুরু হয়েছে। সাধারণ পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত সময় বিকেল ৫টা ৪৫ মিনিট।
ইংরেজি Listening পরীক্ষায় ২৫ মিনিট বিশেষ নীরবতা সুনুং পরীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ইংরেজি Listening পরীক্ষা। দুপুর ১টা ১০ মিনিট থেকে ১টা ৩৫ মিনিট পর্যন্ত চলা এই পরীক্ষায় শিক্ষার্থীদের মনোযোগ নির্বিঘ্ন রাখতে দেশজুড়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময় বিমান চলাচলের শব্দ এড়াতে দুপুর ১টা ৫ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত ৩৫ মিনিট বিমানবন্দরগুলোতে উড়োজাহাজের ওঠানামা বন্ধ রাখার ব্যবস্থা করা হয়েছে। আকাশে অবস্থানরত উড়োজাহাজগুলোকে ভূমি থেকে অন্তত ৩ কিলোমিটার উচ্চতায় অবস্থান করতে বলা হয়েছে। হেলিকপ্টার ও ড্রোন চলাচলেও বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এ কারণে ১৩০টি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের সময়সূচি সমন্বয় করা হয়েছে।
একই সময়ে কামানের গোলাবর্ষণ, ট্যাংক চলাচলসহ উচ্চ শব্দ সৃষ্টিকারী সামরিক প্রশিক্ষণ ও মহড়া সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সকাল ১০টার পর অফিস শুরু করার আহ্বান জানানো হয়েছে। রাজধানী সিউলের পাতালরেলে ২৭টি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রের ২০০ মিটার এলাকার মধ্যে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং অপ্রয়োজনীয় হর্ন বাজানো থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া পরীক্ষাকেন্দ্রের আশপাশে নির্মাণকাজ ও উচ্চ শব্দ সৃষ্টি করতে পারে এমন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ বা সীমিত রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।
AI ও স্মার্ট ডিভাইসের মাধ্যমে জালিয়াতি ঠেকাতে নিরাপত্তা
এবারের পরীক্ষায় প্রযুক্তিনির্ভর জালিয়াতি ঠেকাতেও কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। স্মার্ট চশমা, স্মার্টওয়াচ, মোবাইল ফোন, গোপন ক্যামেরাসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার হলে নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার্থীদের চশমা ও অন্যান্য সামগ্রীও পরীক্ষা করা হচ্ছে।
পরীক্ষা পরিচালনা ও নিরাপত্তার কাজে প্রায় ৭৫ হাজার পরিদর্শক এবং অতিরিক্ত ৮ হাজার ৪০০ জন কর্মী নিয়োজিত রয়েছেন। এ ছাড়া পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশের বিষয়ে সতর্ক করতে দেশজুড়ে বিশেষ জরুরি বার্তা পাঠানো হয়েছে।
শেয়ারবাজারের সময়সূচিও পরিবর্তন
পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারের লেনদেন শুরুর সময়ও এক ঘণ্টা পিছিয়ে সকাল ১০টা করা হয়েছে। লেনদেন শেষের সময়ও এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় সুনুং পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে এই পরীক্ষার ফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের মনোযোগ ও পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করছে।