সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


মসজিদুল হারামে নিরাপত্তা রিস্টব্যান্ড সেবা সম্প্রসারণ, সুবিধার আওতায় শারীরিক প্রতিবন্ধীরাও
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৯:৫৮ পিএম  (ভিজিট : ১০)
পবিত্র মসজিদুল হারামে আগত মুসল্লি ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিনামূল্যের নিরাপত্তা রিস্টব্যান্ড সেবা সম্প্রসারণ করেছে সৌদি আরবের দুই পবিত্র মসজিদের পরিচালনা ও তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে শারীরিক প্রতিবন্ধী সব দর্শনার্থীও এ সেবার আওতায় আসবেন।

রোববার (১৫ নভেম্বর) সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (SPA) এবং আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের জুলাই মাসে চালু হওয়া এ কর্মসূচির আওতায় শুরুতে শিশু, বয়স্ক ব্যক্তি এবং দৃষ্টিপ্রতিবন্ধী দর্শনার্থীদের নিরাপত্তা রিস্টব্যান্ড দেওয়া হতো। এবার এর পরিধি বাড়িয়ে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

মসজিদুল হারামের পরিচালনা ও তত্ত্বাবধানকারী জেনারেল অথরিটি ফর দ্য কেয়ার অব দ্য অ্যাফেয়ার্স অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেটস মস্ক এ সেবা বিনামূল্যে প্রদান করছে। দর্শনার্থীদের জন্য নির্ধারিত অতিথি সেবা কেন্দ্র (গেস্ট কেয়ার সেন্টার) থেকে রিস্টব্যান্ড সংগ্রহ করা যাবে।

প্রতিটি রিস্টব্যান্ডে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও পরিবারের সদস্যদের যোগাযোগের তথ্য সংযুক্ত থাকে। ফলে কেউ ভিড়ের মধ্যে পরিবারের সদস্য বা সঙ্গীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা রিস্টব্যান্ডের তথ্য ব্যবহার করে সহজেই তার পরিচয় শনাক্ত করতে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

এদিকে সেবাটির আওতা বাড়ানোর পাশাপাশি রিস্টব্যান্ড বিতরণ কেন্দ্রের সংখ্যাও বাড়ানো হয়েছে। আগে দুটি স্থানে এ সুবিধা পাওয়া গেলেও বর্তমানে পাঁচটি স্থানে রিস্টব্যান্ড বিতরণ করা হচ্ছে।

কেন্দ্রগুলো হলো—মসজিদুল হারামের কিং আবদুল আজিজ গেট, কিং ফাহাদ গেট, ইসমাইল গেট এবং পূর্ব প্রাঙ্গণের দুটি নির্ধারিত স্থান। পূর্ব প্রাঙ্গণের একটি কেন্দ্র হারানো ও প্রাপ্তি (লস্ট অ্যান্ড ফাউন্ড) কার্যালয়ের পাশে এবং অন্যটি ৯ নম্বর শৌচাগারের বিপরীতে অবস্থিত।

কর্তৃপক্ষের এ উদ্যোগের লক্ষ্য হলো মসজিদুল হারামে আগত সব শ্রেণির দর্শনার্থীর নিরাপত্তা ও সেবার মান উন্নত করা। বিশেষ করে হজ, ওমরাহ এবং অন্যান্য ব্যস্ত সময়ে বিপুলসংখ্যক মানুষের সমাগমে শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকি কমাতে এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিরাপত্তা রিস্টব্যান্ড সেবার সম্প্রসারণের ফলে দর্শনার্থীদের জন্য পবিত্র মসজিদুল হারামে ইবাদত ও পরিদর্শন আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এবং নির্বিঘ্ন হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]