বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


জেদ্দায় ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘ভিজিট মালয়েশিয়া ২০২৬–২০২৭’ কার্নিভাল
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম  (ভিজিট : ৬)
সৌদি আরবের জেদ্দায় আগামী ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভিজিট মালয়েশিয়া ২০২৬–২০২৭’ কার্নিভাল। জেদ্দার সেনোমি ইউ ওয়াক মলে আয়োজিত দুই দিনব্যাপী এ উৎসবে মালয়েশিয়ার সংস্কৃতি, ঐতিহ্য, খাবার ও পর্যটন আকর্ষণ তুলে ধরা হবে।

ট্যুরিজম মালয়েশিয়ার উদ্যোগে আয়োজিত এ কার্নিভালে পরিবার ও সব শ্রেণির দর্শনার্থীদের জন্য থাকছে মালয়েশিয়ার ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশনা, সাংস্কৃতিক কর্মশালা এবং বিভিন্ন খাবার তৈরির সরাসরি প্রদর্শনী। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে মালয়েশিয়ার জনপ্রিয় খাবার সাতায় ও নাসি লেমাক তৈরির প্রদর্শনী এবং ঐতিহ্যবাহী পানীয় ‘তেহ তারিক’ প্রস্তুতের পরিবেশনা।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন জেদ্দায় নিযুক্ত মালয়েশিয়ার কনসাল জেনারেল তেংকু দাতুক মোহাম্মদ জারাইফ বিন রাজা আবদুল কাদির। এ সময় জেদ্দায় নিযুক্ত আসিয়ানভুক্ত দেশগুলোর কনসাল জেনারেলরাও উপস্থিত থাকবেন।

কার্নিভালে অংশ নেবে গালফ এয়ার, অ্যামাল বাই মালয়েশিয়া এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি আলমোসাফার, এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল অ্যাসিস্ট, মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল, জেদ্দার মাইমাকান রেস্টুরেন্ট এবং জেদ্দায় অবস্থিত মালয়েশিয়ার কনস্যুলেট জেনারেল।

আয়োজনে অংশগ্রহণকারী এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সিগুলো দর্শনার্থীদের জন্য বিশেষ ভ্রমণ অফার ও হলিডে প্যাকেজ তুলে ধরবে।

ট্যুরিজম মালয়েশিয়া জানিয়েছে, সৌদি আরব মালয়েশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পর্যটন বাজার। বিশেষ করে সৌদি আরবের পশ্চিমাঞ্চলের পরিবারগুলোর কাছে মালয়েশিয়ার পর্যটন, সংস্কৃতি ও জীবনধারার অভিজ্ঞতা সরাসরি তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সৌদি আরব থেকে ৫৯ হাজার ৮০ জন পর্যটক মালয়েশিয়া ভ্রমণ করেছেন, যা ২০২৪ সালের তুলনায় ১৩ দশমিক ৬ শতাংশ কম। অন্যদিকে, ২০২৪ সালে মালয়েশিয়া ভ্রমণকারী একজন সৌদি পর্যটকের গড় ব্যয় ছিল ১১ হাজার ৪৩৩ দশমিক ০৩ মালয়েশিয়ান রিঙ্গিত।

বর্তমানে মালয়েশিয়া ও সৌদি আরবের মধ্যে সপ্তাহে প্রায় ৪৫ থেকে ৫০টি সরাসরি ফ্লাইট চলাচল করছে। মালয়েশিয়া এয়ারলাইন্স, সৌদিয়া, এয়ারএশিয়া, বাটিক এয়ার, রিয়াদ এয়ার ও গালফ এয়ার এসব ফ্লাইট পরিচালনা করছে। এতে প্রতি সপ্তাহে দুই দেশের মধ্যে ১৪ হাজার থেকে ১৫ হাজারের বেশি আসন সরবরাহ করা হচ্ছে।

কার্নিভালের মাধ্যমে সৌদি পর্যটকদের কাছে মালয়েশিয়ার পরিবারবান্ধব পর্যটনকেন্দ্র, হালাল রেস্টুরেন্ট, নামাজের সুবিধা, কেনাকাটা, ইকো-ট্যুরিজম, কৃষিভিত্তিক পর্যটন, কমিউনিটিভিত্তিক পর্যটন এবং দেশটির বৈচিত্র্যময় খাবার ও সংস্কৃতি তুলে ধরা হবে।

‘ভিজিট মালয়েশিয়া ২০২৬–২০২৭’ প্রচারণা ২০২৭ সাল পর্যন্ত চলবে। আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা বৃদ্ধি এবং পর্যটন খাত থেকে আয় বাড়ানো এ জাতীয় প্রচারণার মূল লক্ষ্য।

মালয়েশিয়ার অর্থনীতিতে পর্যটন খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উৎপাদন ও পণ্যভিত্তিক খাতের পর দেশটির জিডিপিতে তৃতীয় বৃহত্তম অবদান পর্যটন খাতের। এ খাতে ১৭ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]