শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


প্যারিসে শুরু টেক্সওয়ার্ল্ড, অংশ নিয়েছে বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠান
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪২ পিএম  (ভিজিট : ১৪)
ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে বস্ত্র বাণিজ্যের আন্তর্জাতিক প্রদর্শনী ‘টেক্সওয়ার্ল্ড’। জার্মানভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসে ফ্রাঙ্কফুর্ট’-এর আয়োজনে প্যারিসের লো বুর্জে প্রদর্শনী কেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ এই টেক্সটাইল সামিটে অংশ নিয়েছে বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের ১৭টি প্রতিষ্ঠান।

মেসে ফ্রাঙ্কফুর্টের তথ্য অনুযায়ী, এবারের টেক্সওয়ার্ল্ডে বিশ্বের ৩৫টি দেশের ১ হাজার ৩০০টিরও বেশি তৈরি পোশাক, টেক্সটাইল ও ফ্যাব্রিক উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সহযোগিতায় বাংলাদেশ থেকে ১২টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। এ ছাড়া নিজস্ব উদ্যোগে অংশ নিয়েছে আরও ৫টি দেশীয় প্রতিষ্ঠান।

সব মিলিয়ে টেক্সওয়ার্ল্ডে বাংলাদেশের মোট ১৭টি স্টল আন্তর্জাতিক ক্রেতাদের জন্য উন্মুক্ত রয়েছে। মেলায় বাংলাদেশি উদ্যোক্তারা তৈরি পোশাক ও বস্ত্র খাতের বিভিন্ন পণ্য প্রদর্শন করছেন।

মেলার দ্বিতীয় দিনে প্রদর্শনী কেন্দ্র পরিদর্শনে যান ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সভাপতি কাজী এনায়েত উল্লাহ। তিনি মেলার বিভিন্ন হল ঘুরে বাংলাদেশি তৈরি পোশাক পণ্যের স্টলগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বাণিজ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

প্রদর্শনী পরিদর্শন শেষে কাজী এনায়েত উল্লাহ জানান, আগের বছরগুলোর তুলনায় এবার মেলায় দর্শনার্থী ও বৈশ্বিক ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম। তার মতে, চলমান ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপজুড়ে তৈরি হওয়া অর্থনৈতিক মন্দার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বস্ত্র ও তৈরি পোশাক বাণিজ্যে।

বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কার মধ্যেও প্যারিসের এই আন্তর্জাতিক মেলায় অংশ নিয়ে বাংলাদেশি উদ্যোক্তারা ইউরোপের বাজারে নতুন ক্রেতা খোঁজার পাশাপাশি ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের চেষ্টা করছেন। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]