অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান রিলায়েবল কলেজ অব নার্সিং (RCN College)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ ও কমিউনিটি সংগঠক মোহাম্মাদ আবদুল মতিন। অস্ট্রেলিয়ার শিক্ষা ও প্রশিক্ষণ খাতের নিয়ন্ত্রক সংস্থা Australian Skills Quality Authority (ASQA)-এর বাধ্যতামূলক Fit and Proper Person Assessment-এ সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
কলেজ কর্তৃপক্ষ জানায়, নিবন্ধিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও পরিচালনাসংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা, পেশাগত দক্ষতা, প্রশাসনিক সক্ষমতা এবং আর্থিক স্বচ্ছতা যাচাইয়ের জন্য ASQA-এর এই মূল্যায়ন বাধ্যতামূলক।
নিয়োগ প্রসঙ্গে মোহাম্মাদ আবদুল মতিন বলেন, কলেজ কর্তৃপক্ষের প্রস্তাবের পর তার জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় নথিপত্র ASQA-তে জমা দেওয়া হয়। নির্ধারিত যাচাই-বাছাই শেষে অনুমোদন পাওয়ার পর তাকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
তিনি জানান, RCN College অস্ট্রেলিয়ার CRICOS-এ নিবন্ধিত একটি আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান। দেশীয় ও বিদেশি শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা ও ব্যবহারিক প্রশিক্ষণ নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও সহায়ক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করছে।
তার মতে, অস্ট্রেলিয়ায় স্বাস্থ্যসেবা খাতে দক্ষ জনশক্তির চাহিদা দ্রুত বাড়ছে। আগামী দশকে Health Care and Social Assistance খাত দেশটির অন্যতম বৃহৎ কর্মসংস্থানের ক্ষেত্র হবে। এ চাহিদা পূরণে নিবন্ধিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে RCN College-এ নার্সিং, এজড কেয়ার, ডিজঅ্যাবিলিটি সাপোর্টসহ স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট বিভিন্ন পেশাভিত্তিক কোর্স পরিচালিত হচ্ছে।
তিন দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা, শিক্ষা ও কমিউনিটি সেবায় যুক্ত আবদুল মতিন ১৯৮৯ সালে দৈনিক আজাদ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরে দ্য ডেইলি স্টার, দৈনিক আবির্ভাব ও দ্য ডেইলি ডিসক্লোজার-সহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিদেশ বাংলা-এর সম্পাদক, অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর সভাপতি এবং MEAA ও LINA-এর সদস্য। এছাড়া তিনি Justice of the Peace (JP), New South Wales এবং Qualified Education Agent Counsellor (QEAC) হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকতা, শিক্ষা ও কমিউনিটি সেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অস্ট্রেলিয়ায় COVID Hero Award ও Pandemic Hero Award-সহ একাধিক সম্মাননা অর্জন করেছেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তার নেতৃত্বে RCN College আন্তর্জাতিক মানের শিক্ষা ও দক্ষ মানবসম্পদ গঠনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।