সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


রিয়াদ বাংলাদেশ থিয়েটারের একযুগ পূর্তি: মঞ্চস্থ হলো ময়মনসিংহ গীতিকা অবলম্বনে ‘মলুয়া সুন্দরী’
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ পিএম  (ভিজিট : ১৩)
‘নাটক হোক সুস্থ সমাজের দর্পণ’—এই স্লোগানকে সামনে রেখে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক অঙ্গনে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে একযুগ পূর্তি উদযাপন করেছে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। সংগঠনটির ১২ বছর পূর্তি ও ১৩ বছরে পদার্পণ উপলক্ষে মঞ্চস্থ হয়েছে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নাটক ‘মলুয়া সুন্দরী’।

তুহিন অবন্তের রচনায় এবং এজহারুল হক মিজানের নাট্যনির্দেশনায় নাটকটি পরিবেশিত হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রিহাম হাসনাত নুহা, কামরুজ্জামান, নুসরাত জাহান রীতা, পলাশ, টিটু, হৃদয়, ভুবন আকন্দ, আব্দুল আহাদ, রবি, তুষারসহ অনেকে।

নাটকের সংগীত পরিচালনায় ছিলেন জামশেদ রানা। হারমোনিয়াম ও বাঁশিতে সংগীত পরিবেশন করেন রবি সদাগর।

একযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের ও প্রবাসে মানবিক, সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পেয়েছে ফেনী প্রবাসী ফোরাম। পাশাপাশি নাট্যনির্দেশক এজহারুল হক মিজান এবং মঞ্চ অভিনেতা ও রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরিফ রহমান টিটুকেও সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে রিয়াদ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ছিল কেক কাটা, জাতীয় সংগীত পরিবেশন, সংগঠনের নিজস্ব থিম সং, নাটক মঞ্চায়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একযুগ পূর্তি উপলক্ষে প্রকাশিত বিশেষ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন।

অনুষ্ঠানটি প্রবাসী দর্শকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে। মধ্যরাত পর্যন্ত দর্শকরা ‘মলুয়া সুন্দরী’ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। আয়োজনে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য দর্শক-শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সভাপতি কবি মসিই সিরাজ, সাধারণ সম্পাদক গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সিনিয়র সহসভাপতি হাফিজুল ইসলাম পলাশ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান টিটু ও মির্জা কামাল।

উল্লেখ্য, রিয়াদ বাংলাদেশ থিয়েটার প্রতিষ্ঠার পর থেকে সৌদি আরবের মরুর বুকে বাংলা ভাষা, নাটক ও দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সংগঠনটি ২০টিরও বেশি নাটক প্রযোজনা করেছে। প্রবাসে কর্মব্যস্ত জীবন ও পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বয়সের একঝাঁক তরুণ-তরুণী, যুবক এবং বয়োজ্যেষ্ঠ সদস্যের আন্তরিক প্রচেষ্টায় এগিয়ে চলেছে সংগঠনটি।

শুধু নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও রয়েছে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সক্রিয় ভূমিকা। প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতির চর্চা এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় ঐতিহ্য তুলে ধরার প্রত্যয়ে সংগঠনটির এই পথচলা নিঃসন্দেহে প্রশংসনীয়।

অনুষ্ঠানে সহযোগিতায় ছিল: প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান সানসিটি পলিক্লিনিক, আমিয়াল কোম্পানি, এশিয়ান হসপিটাল, মেডিনোভা মেডিক্যাল, লাইফ কেয়ার মেডিক্যাল কমপ্লেক্স, মাইল কোম্পানি, বিন মিশাল গ্লোবাল কোম্পানি ও জারিয়া কোম্পানি।

একযুগের পথচলা পেরিয়ে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের নতুন অধ্যায় হোক আরও সমৃদ্ধ, সৃজনশীল ও সাফল্যমণ্ডিত—এমন প্রত্যাশা প্রবাসী সংস্কৃতিপ্রেমীদের।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]