রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


ইংল্যান্ড সিরিজের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিকুর রহিম
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৭:৪২ পিএম  (ভিজিট : ১৬)

বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২০২৭ সালের জানুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে দীর্ঘ ২২ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকেও বিদায় নেবেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।

শনিবার (২৮ নভেম্বর) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান বোর্ড সভাপতি তামিম ইকবাল।

৩৯ বছর বয়সী মুশফিকুর রহিম এরই মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফলে আগামী জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটিই হবে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শেষ অভিযান। চলমান আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এটিই বাংলাদেশের শেষ সিরিজ।

২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। প্রায় ২২ বছর পর একই দলের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন তিনি। তবে ২০২৭ সালের মে মাসে বাংলাদেশের লর্ডস সফর পর্যন্ত অপেক্ষা করছেন না এই উইকেটকিপার-ব্যাটার।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১০৮টি টেস্ট খেলেছেন মুশফিক। ৩৮.৮০ গড়ে তাঁর সংগ্রহ ৭ হাজার ৬২ রান। দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তাঁর দখলে। ১৪টি শতকের মালিক তিনি, যার মধ্যে রয়েছে তিনটি দ্বিশতক। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ শতকের রেকর্ডও তাঁর।

চলতি বছরের নভেম্বরেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। দেশের হয়ে প্রথম টেস্ট দ্বিশতক করার কৃতিত্বও তাঁর। এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে তিনটি দ্বিশতক করেছেন তিনি।

এর আগে গত নভেম্বরে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার মাইলফলক অর্জন করেন মুশফিক। আয়ারল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে শতক করে বিশেষ অর্জনটি স্মরণীয় করে রাখেন তিনি।

২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩৪টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। তাঁর অধিনায়কত্বে সাতটি টেস্টে জয় এবং নয়টিতে ড্র করে বাংলাদেশ। এ সময় ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়, ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ঐতিহাসিক জয় এবং শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্টে জয়ের মতো উল্লেখযোগ্য সাফল্য পায় বাংলাদেশ।

সবকিছু ঠিক থাকলে বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষে শেষ সিরিজ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক। বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয়েছিল তাঁর।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]