সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


দুই গোল হজমের পর ইয়ামালের পেনাল্টি মিস, তবু জিতল বার্সেলোনা
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:১৩ পিএম  (ভিজিট : ২)

আন্তর্জাতিক বিরতির পর ক্লাব ফুটবলে ফিরেই যেন একই চিত্রনাট্যে খেলল স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। দুই দলই শুরুতে পিছিয়ে পড়েছে, দুই দলের তারকা ফরোয়ার্ডই পেনাল্টি মিস করেছেন। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে দুই দলই। 

গতকাল রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিসের পর রিয়াল মাদ্রিদ যেমন সেলতা ভিগোকে হারিয়েছে, আজ ন্যু ক্যাম্পে লামিনে ইয়ামালের পেনাল্টি নষ্ট হওয়ার পরও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা। 

তবে বার্সার জয়টা এল আরো কঠিন পরিস্থিতি থেকে—দুই গোলে পিছিয়ে পড়ার পর। ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়ে লা লিগার শীর্ষস্থান আরো মজবুত করল হান্সি ফ্লিকের দল। 

ম্যাচের শুরুটা বার্সেলোনার জন্য ছিল দুঃস্বপ্নের মতো। মাত্র ৭ মিনিটের মধ্যে দুই গোল হজম করে স্বাগতিকরা। ৫ মিনিটে তাজন বুকানন এবং ৭ মিনিটে তানি ওলুসেয়ির গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। শুরুতেই দুই গোল খেয়ে ম্যাচে ফেরার চাপ বাড়ে বার্সেলোনার ওপর।

এরপর অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে বার্সেলোনা। ১৯ মিনিটে লামিনে ইয়ামালকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকেরা। কিন্তু ২৩ মিনিটে স্পটকিক নিতে এসে হতাশ করেন ইয়ামাল। তার নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। ব্যবধান কমানোর সহজ সুযোগ হাতছাড়া হলেও আক্রমণ থামায়নি বার্সেলোনা।

বিরতির পর পাল্টে যায় ম্যাচের চিত্র। ৫৭ মিনিটে পেদ্রির ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান জেরার্ড মার্তিন। ৪ মিনিট পরই সমতাসূচক গোল। এবার গোলদাতা ফেরমিন লোপেজ। বক্সের বাইরে থেকে তার নেওয়া শট জালে জড়ালে ২-২ সমতা ফেরে।

এরপর ম্যাচের ৬৮ মিনিটের দিকে আসে বার্সার জয়সূচক গোলটি। ইয়ামালের বাড়ানো ক্রস নিজেদের জালে পাঠিয়ে দেন ভিয়ারিয়ালের ডিফেন্ডার পাউ নাভারো। আত্মঘাতী সেই গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নাভারো। ১০ জনের ভিয়ারিয়াল আর ম্যাচে ফিরতে পারেনি।

এই জয়ে ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ১৫ পয়েন্ট নিয়ে লিগের নবম স্থানে ভিয়ারিয়াল।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]