
২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ (এএফএমসি), পাঁচ আর্মি মেডিক্যাল কলেজ ও চট্টগ্রামের নেভি মেডিক্যাল কলেজ।
রবিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টা থেকে অনলাইনে ভর্তি আবেদন নেওয়া শুরু হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৫ জানুয়ারি।
আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এএফএমসির ২৯তম ব্যাচ, পাঁচ আর্মি মেডিক্যাল কলেজের ১৩তম ব্যাচ ও নেভি মেডিক্যাল কলেজের দ্বিতীয় ব্যাচে শিক্ষার্থী ভর্তি করা হবে। অভিন্ন ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের ক্যাডেট হিসেবে নির্বাচিত করা হবে।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে ২০২৫ অথবা ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২৩ সালের আগে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না। উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থাকতে হবে। এছাড়া এইচএসসিতে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয় থাকতে হবে।
সাধারণ প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ দশমিক ৫০ থাকতে হবে। এইচএসসিতে জীববিজ্ঞানে জিপিএ ৩ দশমিক ৫০-এর কম হলে আবেদন করা যাবে না।
ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ থাকতে হবে। তবে কোনো একটি পরীক্ষায় জিপিএ ৩-এর কম হলে আবেদন করা যাবে না। ২০২৬ সালের ১ জুলাই প্রার্থীর বয়স সর্বোচ্চ ২০ বছর হতে হবে।
ভর্তি পরীক্ষার মানবণ্টন
মোট ২০০ নম্বরের ভিত্তিতে ভর্তির মেধাতালিকা তৈরি করা হবে। এর মধ্যে এসএসসির জিপিএ থেকে ৪০, এইচএসসির জিপিএ থেকে ৬০ এবং এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষায় ১০০ নম্বর থাকবে।
লিখিত পরীক্ষায় জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ১৫, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে ১৫ নম্বর থাকবে।
পরীক্ষার সময় ১ ঘণ্টা ১৫ মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় পাস নম্বর ৪০।
২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মোট প্রাপ্ত নম্বর থেকে ৩ নম্বর কাটা হবে। এছাড়া ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিক্যাল, ডেন্টাল কলেজ বা মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মোট প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কাটা হবে।
আবেদনের সময়সীমা ও ফি
২৯ নভেম্বর দুপুর ১২টা থেকে আগামী ৪ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। আবেদনের পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে টেলিটকের প্রিপেইড নম্বরের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। এ ফি অফেরতযোগ্য।
আগামী ১২ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড ও রঙিন প্রিন্ট করা যাবে। ১৫ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শারীরিক যোগ্যতা ও অন্যান্য শর্ত
আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের ক্যাডেটদের নির্ধারিত শারীরিক যোগ্যতা ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।
বর্ণান্ধতা, গুরুতর শারীরিক বিকৃতি ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত প্রার্থীরা ভর্তির অযোগ্য বিবেচিত হবেন। সব মেডিক্যাল কলেজে ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও ডোপ টেস্টে উত্তীর্ণ হতে হবে।
এদিকে, বেসরকারি পাঁচটি আর্মি মেডিক্যাল কলেজ ও নেভি মেডিক্যাল কলেজে মেধাবী-অসচ্ছল কোটায় ৫ শতাংশ শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে এসব মেডিক্যাল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে মাইগ্রেশনের সুযোগ থাকবে না।