বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


যোগ্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:৩০ পিএম  (ভিজিট : ৭)

শিক্ষক সংকট ও আর্থিক সমস্যায় থাকা যোগ্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত নীতিমালার আলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে এসব প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষক পদায়নের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। এদিনের প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উপস্থাপিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শূন্য শিক্ষক পদের তথ্য জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সংগ্রহ করে থাকে। অন্যদিকে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনে শূন্য পদের তালিকা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠানোর জন্য প্রয়োজনীয় তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তিনি জানান, এনটিআরসিএর পরবর্তী গণবিজ্ঞপ্তির মাধ্যমে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার শূন্য পদগুলোতে নতুন শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে। এসব উপজেলা ছাড়াও দেশের চরাঞ্চল ও নদীভাঙনপ্রবণ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ধরে রাখা এবং দীর্ঘমেয়াদে পাঠদান কার্যক্রম সচল রাখতে বিশেষ তদারকি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক সংকটের কারণে যেসব যোগ্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান আর্থিক সংকটে রয়েছে, সেগুলোকে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে পর্যায়ক্রমে এমপিওভুক্তির আওতায় আনার সিদ্ধান্ত রয়েছে। এতে প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত শিক্ষক পদায়নের সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসন একটি সার্বিক ও পর্যায়ক্রমিক প্রক্রিয়া। কোম্পানীগঞ্জ ও কবিরহাটসহ দেশের সব অঞ্চলে এ উদ্যোগ দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]