মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপানোর পরিকল্পনা পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:৪৪ পিএম  (ভিজিট : ১১)

প্রশ্নফাঁস রোধে এসএসসি ও এইচএসসিসহ সব পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ছাপানোর পদ্ধতিতে পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার। নতুন ব্যবস্থায় পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রশ্নপত্র প্রণয়ন, পরিমার্জন ও পরীক্ষা গ্রহণের প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হবে।

সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ পরিকল্পনার কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত কোনো পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। তবে প্রশ্নফাঁসের চেষ্টা যে হয়নি, তা নয়। এ ধরনের অনিয়ম ঠেকাতে প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশন থেকে শুরু করে পরীক্ষা গ্রহণ পর্যন্ত পুরো ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে সরাসরি উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর ব্যবস্থা চালুর দিকে এগোচ্ছে সরকার।

শিক্ষাব্যবস্থার পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, এরই মধ্যে পরীক্ষা আইনেও পরিবর্তন আনা হয়েছে। শুধু অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি জাতির সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। বর্তমান বিশ্বে দক্ষ মানবসম্পদই একটি দেশের অন্যতম প্রধান সম্পদ। তাই যোগ্য ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করে তুলতে হবে।

বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের অংশগ্রহণ কম থাকার বিষয়টিও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে ইংরেজি মাধ্যম থেকে আসা কোনো শিক্ষার্থীকে খুঁজে পাননি। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানেও একই চিত্র দেখেছেন। সেখানে মাত্র তিনজন শিক্ষার্থী ইংরেজি মাধ্যম থেকে আসার কথা জানিয়ে হাত তুলেছিলেন। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এখন থেকেই নিজেদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। শুধু কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর না হয়ে প্রকৃত জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে। দেশে অর্থবহ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাও জরুরি।

শিক্ষা খাতে সরকারের অগ্রাধিকারের কথা তুলে ধরে তিনি বলেন, সরকার এ খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। কারিগরি শিক্ষার প্রসারে দেশের ৫০৩টি উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া আগামী ২৪ ডিসেম্বর বিদ্যালয়গুলোতে ফলাফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]