প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:৪৮ পিএম
(ভিজিট : ৫)

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ আগামী রোববার (২২ নভেম্বর) দুই দিনের সফরে ভারত যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তাঁর প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন তিনি।
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২০ নভেম্বর) সফরের সূচি ঘোষণা করেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২২ নভেম্বর নয়াদিল্লির উদ্দেশে রওনা হবেন বালেন্দ্র শাহ। সোমবার (২৩ নভেম্বর) মোদির সঙ্গে তাঁর আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। সফর শেষে ওই দিনই কাঠমান্ডে ফিরবেন তিনি।
বৈঠকে দুই দেশের বাণিজ্য, ট্রানজিট, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। এ ছাড়া দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই এবং জ্বালানি ও যোগাযোগ খাতের বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনা রয়েছে।
সফরে বালেন্দ্র শাহ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন। মোদি নেপালের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।
বালেন্দ্র শাহর সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা কুমার বিয়ানজাঙ্করসহ দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা। সরকারি প্রতিনিধি দলে মোট ৩৪ জন সদস্য থাকবেন।
নেপালের নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদার করার প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। গত মার্চে দায়িত্ব নেওয়ার পর সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন বালেন্দ্র শাহ। তবে ভারত সফরটিই হবে তাঁর প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বিদেশ সফর।
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ সফরের মাধ্যমে দুই দেশ দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থে নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার সুযোগ পাবে।