প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:০৪ পিএম
(ভিজিট : ৪)

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায় প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার। রায়টিকে ‘অন্যায্য’ বলে আখ্যা দিয়েছে তারা।
বৃহস্পতিবার ১৫ বিচারকের মধ্যে ৯-৬ ভোটে আদালত রায় দেন, ২০১৭ সালে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের সময় গণহত্যার দায় মিয়ানমারের ওপর বর্তায়।
মিয়ানমারের প্রেসিডেন্টের মুখপাত্র খাইন খাইন সোয়ে বলেন, আদালতের ১৫ বিচারকের মধ্যে মতভেদ থাকায় রায়টি সর্বসম্মত হয়নি। বিচারকদের মধ্যে বিভক্তির কারণে সিদ্ধান্তটি অন্যায্য হয়েছে বলে দাবি করেন তিনি।
নেপিডোতে সাংবাদিকদের তিনি বলেন, বিচারিক কার্যক্রম চলাকালে আদালতের প্রশ্নের জবাব দিতে এবং নিজেদের বাধ্যবাধকতা পূরণে সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে।
মিয়ানমার দীর্ঘদিন ধরেই রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, ২০১৭ সালে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে পরিচালিত সামরিক অভিযান ছিল বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ।
ওই সময় মিয়ানমারের সেনাপ্রধান ছিলেন বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। সামরিক অভিযানের সময় তিনি বাহিনীর সর্বোচ্চ নেতৃত্বে ছিলেন।
আদালত জানিয়েছে, প্রমাণে দেখা গেছে, মিয়ানমারের সেনারা প্রায় এক লাখ রোহিঙ্গাকে হত্যা করেছে।
আইসিজে মিয়ানমারকে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নেওয়া, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে ক্ষতিপূরণ দেওয়া এবং গণহত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহভাজন ব্যক্তিদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
তবে আদালতের এসব নির্দেশের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি খাইন খাইন সোয়ে। তিনি বলেন, রায় এবং বিচারকদের পৃথক মতামত মিলিয়ে নথির পরিমাণ ৩০০ পৃষ্ঠার বেশি। বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন।