প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১:২৪ পিএম
(ভিজিট : ১০)
ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের অগ্রযাত্রায় চাপে পড়েছে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী। একের পর এক এলাকা হারিয়ে পিছু হটছে তারা।
এমন পরিস্থিতিতে সৌদি-নেতৃত্বাধীন সামরিক জোটের কমান্ডার পরিবর্তন করেছে রিয়াদ। একই সঙ্গে হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে এডেন ও আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করেছে ইয়েমেন সরকার।
সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, জোটের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ আল-সালমানকে প্রতিরক্ষামন্ত্রীর সামরিক উপদেষ্টা করা হয়েছে। দেশটির সেনাপ্রধান জেনারেল ফায়াদ আল-রুওয়াইলিকে যৌথ বাহিনীর কমান্ডারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। পশ্চিমা দুই কূটনীতিকের মতে, ইয়েমেনের যুদ্ধক্ষেত্রে হুথিদের অগ্রগতির কারণেই এই রদবদল করা হয়েছে।
চলতি বছরের গ্রীষ্মে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার জেরে ইয়েমেনের দীর্ঘদিনের গৃহযুদ্ধ আবারও তীব্র হয়ে ওঠে। এই সুযোগে হুথিরা সরকারি বাহিনীর কাছ থেকে বেশ কিছু এলাকা দখল করে নেয়। অক্টোবরে পাল্টা অভিযান চালিয়ে কিছু এলাকা পুনরুদ্ধার করলেও বাব আল-মানদাব প্রণালীর আশপাশ থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য হয় সরকার। এখন দক্ষিণ উপকূলের বন্দরনগরী এডেনের নিয়ন্ত্রণ ধরে রাখাই তাদের প্রধান লক্ষ্য।
ইয়েমেনি সামরিক সূত্র জানিয়েছে, হুথি যোদ্ধারা এডেন থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে খোর ওমাইরাহ পর্যন্ত অগ্রসর হয়েছে। এ ছাড়া কাওয়াহ এলাকায় সরকারি বাহিনীর প্রতিরক্ষা অবস্থান থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে পৌঁছেছে তারা। হুথিরা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। লোহিত সাগরে জাহাজ চলাচলেও তাদের হামলার প্রভাব পড়েছে।
এডেনের বাসিন্দারা জানিয়েছেন, শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি বসিয়ে পরিচয়পত্র পরীক্ষা করা হচ্ছে। ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখল করার পর থেকে এডেন ইয়েমেন সরকারের প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। সরকারি কর্মচারী আমিন মাহমুদ বলেন, শহরে খাবার ও জ্বালানির সরবরাহ স্বাভাবিক থাকলেও সরকারি বাহিনীর পিছু হটা এবং সংঘাত এডেনের কাছাকাছি চলে আসায় মানুষ উদ্বিগ্ন। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এডেন ও লাহজ প্রদেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হুথিদের দখলে থাকা এলাকা পুনরুদ্ধারের প্রস্তুতি চলছে।
রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আল-কাদি বলেন, হুথিরা ক্রমেই এডেনের কাছাকাছি চলে আসায় শহরটি হুমকির মুখে পড়েছে। তাঁর মতে, একসময় সরকারের লক্ষ্য ছিল রাজধানী সানা পুনর্দখল করা, কিন্তু এখন তাদের এডেন রক্ষায় মনোযোগ দিতে হচ্ছে। ইয়েমেনের সরকারি বাহিনীর অভ্যন্তরীণ বিভক্তি ও বিরোধের সুযোগ নিচ্ছে হুথিরা। গত মাসে সৌদি-সমর্থিত বাহিনী বাব আল-মানদাব প্রণালীর কাছের গুরুত্বপূর্ণ এলাকা ধুবাব পুনর্দখল করলেও হুথিদের পুরোপুরি হটাতে পারেনি। উপকূলীয় শহর আল-মোখাও এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে।