শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


চীনে এনভিডিয়ার চিপ সরবরাহ নিয়ে তদন্ত শুরু ক্যালিফোর্নিয়ার
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:৪৮ পিএম  (ভিজিট : ৭)

যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ চীনে পৌঁছেছে কি না এবং এ বিষয়ে বিনিয়োগকারী ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা জানান, তাঁর দপ্তর চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে তদন্তসংক্রান্ত আইনি নোটিশ পাঠিয়েছে। ‘ইনভেস্টিগেটিভ সাবপোনা’ নামে পরিচিত এ নোটিশের মাধ্যমে প্রতিষ্ঠানটির কাছে প্রয়োজনীয় তথ্য ও নথি চাওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো জাতীয় পর্যায়ের রপ্তানি বিধিনিষেধ সরাসরি কার্যকর করতে পারে না। তবে বিনিয়োগকারীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ঝুঁকির তথ্য গোপন করলে অঙ্গরাজ্যের ব্যবসায়িক আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে ক্যালিফোর্নিয়ার।

এক বিবৃতিতে রব বন্টা বলেন, এনভিডিয়া ও প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহীর কর্মকাণ্ডে শেয়ারহোল্ডারদের বিভ্রান্ত করার বিষয়ে ‘গুরুতর উদ্বেগের’ ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাঁর ভাষ্য, আন্তর্জাতিক পরিস্থিতি যত জটিলই হোক না কেন, অঙ্গরাজ্যের আইন স্পষ্ট—কোনো প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের কাছে মিথ্যা তথ্য দিতে বা তাদের বিভ্রান্ত করতে পারে না।

বিশ্বের শীর্ষ এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার জন্য এমন এক সময়ে এ তদন্ত শুরু হলো, যখন প্রতিষ্ঠানটি নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও দীর্ঘদিনের প্রধান নির্বাহী জেনসেন হুয়াং গত সপ্তাহে পদত্যাগ করেছেন। তাঁর বিরুদ্ধে একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত আসে। এসব সম্পর্কের মধ্যে চীনের গুপ্তচর সন্দেহে থাকা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের অভিযোগও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অ্যালিস হুয়াং এনভিডিয়ার প্রতিষ্ঠাতার আত্মীয় নন। তিনি এর আগে সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান মেগাস্পিডের পরিচালক ছিলেন। সম্ভাব্য রপ্তানি বিধি লঙ্ঘনের অভিযোগে ২০২৫ সালে প্রতিষ্ঠানটি স্থানীয় কর্তৃপক্ষের তদন্তের মুখে পড়েছিল। জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে আগামী ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের কাছে রুদ্ধদ্বার বৈঠকে প্রশ্নের উত্তর দিতে সম্মত হয়েছেন জেনসেন হুয়াং।

এদিকে মঙ্গলবার এনভিডিয়া প্রত্যাশার চেয়ে বেশি ত্রৈমাসিক মুনাফার ঘোষণা দিলেও বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৩ শতাংশের বেশি কমেছে। গত দুই সপ্তাহে শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির মোট বাজারমূল্য এক ট্রিলিয়ন ডলারেরও বেশি কমেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]