মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


বিশ্বকাপ বাছাইয়ের ড্র ১৫ ডিসেম্বর, বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে কোন দল
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১:২৫ পিএম  (ভিজিট : ১৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বকাপ ফুটবলে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ার আশায় আবারও স্বপ্নযাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। সেই পথে প্রথম বাধা টপকানোই হবে জন্য বড় পরীক্ষা। 

আগামী ১৫ ডিসেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে ২০৩০ ফিফা বিশ্বকাপ ও ২০৩১ এএফসি এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের ড্র। র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকায় প্রথম রাউন্ড থেকেই লড়াই শুরু করতে হবে বাংলাদেশকে। প্রশ্ন হচ্ছে, এই পর্বে হামজা-শমিত-ফারহানদের প্রতিপক্ষ হতে পারে কোন দেশ?

ফিফার হালনাগাদ র‌্যাংকিং অনুযায়ী, বিশ্বে ১৮২তম এবং এশিয়ায় ৩৭তম অবস্থানে আছে বাংলাদেশ। এশিয়ার ৪৬টি দেশের মধ্যে অবস্থান নিচের দিকে হওয়ায় প্রথম রাউন্ডে খেলতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

বর্তমান র‌্যাংকিংয়ের হিসাব ধরে প্রথম রাউন্ডে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে তুর্কমেনিস্তান, ইয়েমেন, সিঙ্গাপুর, হংকং, মিয়ানমার, আফগানিস্তান, মালদ্বীপ, চায়নিজ তাইপে, কম্বোডিয়া ও নেপালের মধ্যে যেকোনো একটি দল। 

এশিয়ার র‌্যাংকিংয়ে বাংলাদেশের ওপরে থাকা ২৭ থেকে ৩৬ নম্বরের দলগুলোকে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে ড্রয়ের আগে র‌্যাংকিং ও বাছাই পর্বের আনুষ্ঠানিক নিয়মে পরিবর্তন এলে সম্ভাব্য প্রতিপক্ষ বদলে যেতে পারে।

প্রথম রাউন্ডের লড়াই হবে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে। অর্থাৎ দুই দল একবার নিজেদের মাঠে এবং আরেকবার প্রতিপক্ষের মাঠে খেলবে। দুই ম্যাচের সম্মিলিত ফলে এগিয়ে থাকা দল পাবে পরবর্তী রাউন্ডের টিকিট। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সূচিতে প্রথম রাউন্ডের ম্যাচের তারিখ হিসেবে ২০২৭ সালের ২৫ ও ৩০ মার্চ উল্লেখ করা হয়েছে।

প্রথম বাধা পেরোতে পারলে বাংলাদেশের সামনে খুলে যাবে আরো বড় সুযোগ। দ্বিতীয় রাউন্ডে প্রথম রাউন্ডের জয়ী দলগুলোর সঙ্গে এশিয়ার শীর্ষস্থানীয় দলগুলো যুক্ত হবে। ৩৬টি দলকে নিয়ে হবে গ্রুপ পর্ব। সেখানে ভালো করতে পারলে বিশ্বকাপের পরবর্তী ধাপে যাওয়ার পাশাপাশি ২০৩১ এশিয়ান কাপের মূল পর্বে খেলার পথও তৈরি হবে।

তবে বাংলাদেশের জন্য প্রথম রাউন্ডের প্রতিপক্ষ নির্বাচনই হতে পারে বড় আলোচনার বিষয়। মালদ্বীপ, নেপাল কিংবা কম্বোডিয়ার মতো দলকে পেলে তুলনামূলক স্বস্তিতে থাকতে পারে বাংলাদেশ। কিন্তু তুর্কমেনিস্তান, ইয়েমেন কিংবা সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই সহজ হবে না।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]