সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


সাফ চ্যাম্পিয়নশিপ
বাংলাদেশকে কাঁদিয়ে প্রথমবার ফাইনালে পাকিস্তান
বাংলাদেশ ০-১ পাকিস্তান
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:২৫ পিএম  (ভিজিট : ১৫)
কেউ দাঁড়িয়ে, কেউ বসে পড়ে আবার কেউ হতাশায় মাঠে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলেন। শুধু ব্যতিক্রম ছিলেন হামজা চৌধুরী। সতীর্থদের জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকলেন। 

বাকিদের কান্না থামালেও হামজার ভেতরটা নিশ্চয় কষ্টে পুড়ছিল। তার নেতৃত্বেই ২৩ বছর পর দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্বের মুকুট পরার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। ঘরের মাঠ ঢাকা জাতীয় স্টেডিয়ামের দর্শকদের পাশে পাওয়ায় আত্মবিশ্বাস ছিল আরো বেশি।

কিন্তু স্বপ্ন পূরণ আর হলো কই? ৮৬ মিনিটে আবদুল সামাদ আরশাদের গোলে কপাল পুড়ল বাংলাদেশের। সাফ চ্যাম্পিয়নশিপের ৩৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নিল পাকিস্তান। 

আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) শিরোপার মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। 

আজ শুরু থেকে দুই দলই মেলে ধরেছিল গতিময় ফুটবলের পসরা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের মতো পাকিস্তানের রক্ষণকে পরীক্ষায় ফেলতে পারেনি বাংলাদেশ। 

উত্তাপ ছড়ানো ম্যাচের যোগ করা সময়ে সম্ভাব্য হারের হতাশায় ফুঁসে ওঠে সমর্থকেরা। গ্যালারি থেকে বিভিন্ন রঙের আতশবাজি তারা ছুড়ে মারতে থাকে মাঠের দিকে। কয়েকটা এসে পড়ে মাঠের মধ্যে। ধোঁয়াশাচ্ছন্ন হয়ে পড়ে মাঠ। তাতে খেলা বন্ধ থাকে মিনিট তিনেক।

এরপর শুরু হলেও বলের নিয়ন্ত্রণ নেওয়া নিয়ে বিশ্বনাথের সাথে লেগে যায় পাকিস্তানের খেলোয়াড়দের। এই ঘটনা শান্ত হওয়ার পর জিদানের সঙ্গে কর্নারের কাছাকাছি ধাক্কাধাক্কি হয় গোলদাতা সামাদের। অবশ্য রেফারি দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

ফের খেলা শুরু হতে না হতেই বাজে শেষের বাঁশি। প্রথমবারের মতো সাফের ফাইনালে ওঠার উচ্ছ্বাসে মাঠেই বাঁধনহারা উৎসবে মাতেন পাকিস্তানের খেলোয়াড়েরা। 

দুটি পরিবর্তন এনে পাকিস্তান ম্যাচের একাদশ সাজান বাংলাদেশ কোচ টমাস ডুলি। চোট পেয়ে মাঠের বাইরে যাওয়া সাদ উদ্দিনের জায়গায় রহমত মিয়া ও মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় শুকি ইতোফুসাকে সুযোগ দেন তিনি। 

গ্রুপ পর্ব শেষে দলের সঙ্গে যোগ হওয়া পাঁচ প্রবাসীকে রেখেই একাদশ সাজান পাকিস্তান কোচ নেলবের্তো সোলানো। 

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে পাকিস্তানের রক্ষণে চাপ দিতে থাকে বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে বারবার আক্রমণে উঠতে থাকেন শুকি। কিন্তু জমাট রক্ষণে পোস্ট আগলে রাখে পাকিস্তান। ৬২ মিনিটে তাকে তুলে ইব্রাহিমকে নামান ডুলি।

একটু পর বক্সের বাইরে থেকে আদিলের ফ্রি কিক ঝাঁপিয়ে কর্নার করে দেন শ্রাবণ। ৭৬ মিনিটে রহমতকে তুলে বিশ্বনাথ ঘোষকে নামান বাংলাদেশ কোচ। একটু পর পাকিস্তানের হারিস আলীর শট যায় ক্রসবারের ওপর দিয়ে।

৮২ মিনিটে সামাদের জোরালো শট ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন শ্রাবণ। ৩ মিনিট পর এশাহর কাছের পোস্টে নেওয়া শট আটকান শ্রাবণ।

এরপরই ভুলটা করেন শ্রাবণ। লম্বা থ্রোয়ে তিনি বল তুলে দেন পাকিস্তানের এক খেলোয়াড়ের পায়ে। সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে জিদান ও জায়ানের ফাঁক দিয়ে শট নিয়ে জাল খুঁজে নেন সামাদ। বল শ্রাবণের হাতে লাগলেও জালে জড়ায়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]