সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


জোহানেসবার্গ টেস্ট
লিটনের সঙ্গে রেকর্ড জুটি গড়ে দিনের শেষ বলে আউট হৃদয়
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ পিএম  (ভিজিট : ১১)
দক্ষিণ আফ্রিকার পেস সহায়ক উইকেটে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও তাওহীদ হৃদয় ও তামজিদ হাসান প্রতিরোধ গড়ে তোলে। এরপর লিটন কুমার দাসকে নিয়ে হৃদয় লেখলেন রূপকথার কাব্য।

এতে জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। হৃদয়ের ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে দিনের শেষ বলে আউট এবং লিটনের অপরাজিত ৯২ রানে ভর করে দিন শেষে ৬ উইকেটে ৩২৭ রানের শক্তিশালী সংগ্রহ দাঁড় করিয়েছে টাইগাররা। 

ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও সুখকর ছিল না বাংলাদেশের জন্য। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার আগুনে বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।

তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান ওপেনার তানজিদ হাসান তামিম। ১০৮ বলে ৬৭ রানের দারুণ এক ইনিংস খেলে হৃদয়ের সাথে ৯৯ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন তিনি।

তানজিদ বিদায় নেওয়ার পর উইকেটে আসেন লিটন দাস। এরপরই শুরু হয় হৃদয়-লিটন যুগলবন্দী।

প্রোটিয়া বোলারদের সব পরিকল্পনা ভেস্তে দিয়ে ষষ্ঠ উইকেটে তারা গড়েন দ্বিশতকের বেশি এক ঐতিহাসিক জুটি। এটি দক্ষিণ আফ্রিকার মাটিতে এবং প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি।

এর আগে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ২৪২ রানের ইনিংস খেলা তাওহীদ হৃদয় আজও ছিলেন অপ্রতিরোধ্য। ধৈর্য ও আক্রমণের দারুণ মিশেলে তুলে নেন নিজের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ও টানা দ্বিতীয় সেঞ্চুরি। ২২৭ বলে ১৪টি চার ও ১টি ছক্কায় ১৩৭ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি।

তবে দিনের একদম শেষ বলে আউট হয়ে মাঠ ছাড়েন এই ডানহাতি ব্যাটার।

অন্যপ্রান্তে দারুণ ছন্দে থাকা লিটন দাস ১৩৮ বলে ১২টি চারের সাহায্যে ৯২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। দ্বিতীয় দিনে আর মাত্র ৮ রান করতে পারলেই টেস্ট ক্যারিয়ারের আরও একটি শতক পূর্ণ করবেন তিনি।

সব মিলিয়ে, বিদেশের মাটিতে প্রতিকূল কন্ডিশনে হৃদয় ও লিটনের এই ব্যাটিং প্রদর্শনী বাংলাদেশকে প্রথম দিনেই চালকের আসনে বসিয়ে দিয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]