প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:০৮ পিএম
(ভিজিট : ১৫)
সিলেট টেস্টের প্রথম ইনিংসে যেন ব্যাটিং করে মন ভরেনি তাওহিদ হৃদয়ের। এমনটা বলায় প্রশ্ন উঠতে পারে ২৪২ রানের ইনিংস খেলার পরেও।
হ্যা, সতীর্থরা আসা-যাওয়ার মিছিলে থাকলেও তিনি যে ছিলেন অপরাজিত।
তাই আজ দ্বিতীয় ইনিংস যেন সেখান থেকেই শুরু করলেন হৃদয়। দুর্দান্ত ছন্দটা যে এই ইনিংসেও টেনে এনেছেন তিনি। তাতে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার মাইলফলকের সামনে তিনি।
বর্তমানে ৮২ রানে অপরাজিত আছেন তিনি। ১৩০ বলের ইনিংসটি সাজিয়েছেন ৮ চারে।
অন্যদিকে ফিফটির অপেক্ষায় মুশফিকুর রহিম। ৪০ রানে অপরাজিত আছেন অভিজ্ঞ ব্যাটার।
দুজনের দারুণ ব্যাটিংয়ে সিলেট টেস্টে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে কাজটা সহজ নয়।
জিততে হলে শেষ শেষ অবিশ্বাস্য কিছু করতে হবে বাংলাদেশকে। জয়ের জন্য এখনো ২০৭ রান প্রয়োজন। চোট পাওয়া সাদমান ইসলামকে বাদ দিলে হাতে ৭ উইকেট আছে। দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ২ উইকেটে ১৬২ রান।
৩৬৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪০ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ১৪ রানের বিপরীতে আরেক বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম করেন ২১ রান। সেখান থেকে তৃতীয় উইকেটে ১২২ রানের জুটি মুশফিক-হৃদয়ের।
এর আগে ৬ উইকেটে ৩৯৮ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। কাভেম হজের (১৪২) সেঞ্চুরির বিপরীতে ব্র্যান্ডন কিং (৬১) ও কেভিন উইকহাম (৭৮) করেন ফিফটি।